মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে প্রথম বার ঝাড়গ্রাম সফরে আসছেন শুভেন্দু অধিকারী। আজ,শুক্রবার জেলার প্রত্যন্ত কালাঝড়িয়া শবর গ্রামে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। এই সফরে জঙ্গলমহলের লোধা ও শবর জনগোষ্ঠীর জীবনযাত্রা এবং তাঁদের সরকারি পরিষেবা পাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা রয়েছে।মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সফর নির্বিঘ্ন করতে কালাঝড়িয়া এলাকায় পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণও হয়েছে।
পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচিতে পিছিয়ে পড়া শবর ও লোধা পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা, আর্থিক সহায়তা এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং তাঁদের সমস্যার কথা সরাসরি শোনাই এই সফরের অন্যতম লক্ষ্য।মুখ্যমন্ত্রীর প্রথম ঝাড়গ্রাম সফর ঘিরে কালাঝড়িয়া-সহ জেলার বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে। এখন নজর, প্রশাসনিক কর্মসূচিতে এলাকার মানুষের জন্য কী কী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।














