বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য বাংলার রিচা ঘোষ কে আজ ৮ নভেম্বর ইডেন গার্ডেনে রাজকীয় সংবর্ধনা দেওয়া হল ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল এবং রাজ্য সরকারের তরফ থেকে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে রিচাকে সম্বর্ধিত করেন, তার সাথে সাথে রাজ্য পুলিশের ডেপুটি পুলিশ সুপারের চাকরির নিয়োগপত্র তুলে দেন।
এছাড়াও এদিন তিনি রিচা ঘোষকে বাঙালি হিসেবে প্রথম বিশ্বকাপ জয়ী সদস্য হওয়ার জন্য অসামান্য কৃতিত্ব স্বরূপ বঙ্গ ভূষণ পুরস্কারে ভূষিত করেন। সিএবির পক্ষ থেকে ৩৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। প্রসঙ্গত রিচা ফাইনালে ৩৪ রান করার সুবাদে সেই রান সংখ্যার সাথে সামঞ্জস্য রেখেই এই আর্থিক রাশির পরিমাণ ধার্য করা হয়েছে। এছাড়াও সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার ক্রিকেট ব্যাট ও বল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের পক্ষ থেকে রিচাকে একটি সোনার চেনও উপহার দেন। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রিচার বাবা ও মা ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সিএবির সকল সদস্যবৃন্দ এবং বহু বিশিষ্টজন। ছিলেন জাতীয় নির্বাচন শ্যামা সাউ ও বহু প্রাক্তন ও বর্তমান বাংলার পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। রিচা সম্পর্কে বক্তব্য রাখেন ঝুলন গোস্বামী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিকেট বিশেষজ্ঞ গৌতম ভট্টাচার্য্য। সিএবি সভাপতি রিচাকে ভবিষ্যতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেখার আশাও প্রকাশ করেন।













