দাঁতন ও নারায়ণগড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শাণালেন রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। শুক্রবার দাঁতনের পোরোলদার জনসভা এবং নারায়ণগড়ের রোড শো-তে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বোঝাতে এক অভিনব উপমা ব্যবহার করেন।
সায়নী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হলেন গাছ, আর মোদী হলেন ফল। ফল একসময় ঝড়ে পড়ে পচে যায়, কিন্তু গাছ থাকলে তা সারাজীবন মাথার ওপর ছায়া দেয়।’ এদিন দাঁতনের সভায় তিনি ভারতের নির্বাচন কমিশনকে ‘বিজেপির কমিশন’ বলে কটাক্ষ করেন এবং অভিযোগ করেন যে মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিজেপির ‘সবকা বিকাশ’ স্লোগানকে খোঁচা দিয়ে তিনি জানান, তৃণমূল কেবল উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাসী। ভোটারদের প্রতি তাঁর আহ্বান, এবার বিজেপির জামানত বাজেয়াপ্ত করলে আগামী ২৫ বছর তারা বাংলার দিকে চোখ তুলে তাকাতে পারবে না।
নারায়ণগড়ের কর্মসূচিতে সায়নী আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের প্রধানমন্ত্রী হবেন। এই প্রচার কর্মসূচিতে সায়নীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ব্লক সভাপতি শেখ ইফতেখার আলি ও সুভাষ রায় চৌধুরীসহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। উভয় এলাকাতেই দলীয় কর্মীদের ভিড় ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।













