Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সাধারণ মানুষকে সঞ্চয় শেখান মন্ত্রীদের নির্দেশ মোদীর

সাধারণ মানুষকে সঞ্চয় শেখান মন্ত্রীদের নির্দেশ মোদীর

সাধারণ মানুষের মধ্যে অর্থ সঞ্চয় ও আর্থিক নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভারত মণ্ডপমে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে মন্ত্রীদের এই বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, শুধু মানুষকে দারিদ্রসীমার উপরে তুলে আনলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাঁদের আর্থিকভাবে সুরক্ষিত রাখতে সঞ্চয়ের অভ্যাসও গড়ে তুলতে হবে। তা না হলে অর্জিত সাফল্য ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। সূত্রের খবর, প্রায় সাড়ে তিন ঘণ্টার ওই বৈঠকে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন।

 

এই অগ্রগতিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও তিনি সতর্ক করে দেন, দারিদ্র্য থেকে মানুষকে বের করে আনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই তাঁদের পুনরায় দারিদ্র্যের মধ্যে ফিরে যাওয়া আটকানোও জরুরি। সেই লক্ষ্যেই সাধারণ মানুষের মধ্যে সঞ্চয় এবং আর্থিক শৃঙ্খলার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে জানান, ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাও, পিও, মৌজ করো ধরনের ভোগবাদী মানসিকতা সামঞ্জস্যপূর্ণ নয়। বরং প্রয়োজন বুঝে খরচ করা, ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রাখা এবং আর্থিক পরিকল্পনার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া উচিত। সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি তাঁদের সঞ্চয়মুখী করে তোলার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে বলে জানা গিয়েছে। বৈঠকে ২০১৪ সালে সংসদের সেন্ট্রাল হলে নিজের প্রথম বক্তব্যের কথাও স্মরণ করেন মোদী।

 

সেই সময় তিনি বলেছিলেন, তাঁর সরকার গরিব মানুষের সরকার। সূত্রের খবর, দেশের যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে মাদকের প্রভাব থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। নকশালবাদ মোকাবিলার মতো মাদক সমস্যার বিরুদ্ধেও দেশকে একযোগে লড়াই করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই বার্তায় একদিকে যেমন দারিদ্র্য দূরীকরণের সাফল্য ধরে রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনই আর্থিক সচেতনতা ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার বিষয়টিও সামনে এসেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অভ্যাস ও সচেতনতার পরিবর্তনকেও এই লক্ষ্য পূরণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছেন তিনি।

READ MORE.....