প্রয়াত প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বিশ্বনাথ দত্তের প্রয়াণবার্ষিকী পালনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভায় বসতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। বিকেল ৩টেয় প্রয়াত প্রশাসককে স্মরণ করার পর বিকেল ৫টা থেকে শুরু হবে বার্ষিক সাধারণ সভা। এবারের সভায় নির্বাচন না থাকলেও বিভিন্ন বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে। বিশেষ করে বয়স কারচুপি নিয়ে চলা বিতর্কে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে সদস্যদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে।
অভিষেক ডালমিয়াও একাধিক বিষয়ে সরব হতে পারেন বলে সিএবি সূত্রে খবর। সভার আগে বুধবার রাত পর্যন্ত সম্ভাব্য প্রশ্নের মোকাবিলায় প্রস্তুতি নিয়েছেন সিএবি সভাপতি।অন্যদিকে, রঞ্জি ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত বাংলা দল। আগামী ১১ অক্টোবর কল্যাণীতে প্রথম ম্যাচ খেলবে তারা। বুধবার বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচে একটি বলও খেলা সম্ভব হয়নি। দলের সঙ্গে প্রস্তুতি শিবিরে রয়েছেন অভিষেক পোড়েল।
মাঠের বাইরের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি বাংলা দলে না থাকলেও তাঁকে ক্রিকেটমুখী রাখতে উদ্যোগী হয়েছে টিম ম্যানেজমেন্ট।এর মধ্যেই ইরানি কাপে অবশিষ্ট ভারতের ব্যাটিং কোচ হিসেবে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার নাম জানানো হয়েছে সিএবিকে। বোলিং কোচ হিসেবে ওড়িশার দেবাশিস মোহান্তিকে দায়িত্ব দেওয়া হতে পারে। আগামী ১ থেকে ৫ অক্টোবর শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত। দলে রয়েছেন বাংলার সুদীপ কুমার ঘরামি, মুকেশ কুমার ও আকাশ দীপ। আকাশের খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের উপর।














