এই মুহূর্তে কার্যত পালানোর পথ খুঁজছেন নেপালের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বাংলার সীমান্ত লাগোয়া দেশের এই পরিস্থিতির প্রভাব পড়ার আশঙ্কা এপাড়েও। তা নিয়ে মঙ্গলবার উদ্বেগপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিলেন।
মুখ্যমন্ত্রীর কথায়, ”নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।” মুখ্যমন্ত্রীর আরও সতর্কবার্তা, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান। বললেন, ”কেউ হঠাৎ করে ঝুঁকি নিয়ে ওখানে চলে যাবেন না। আমাদের না জানিয়েও যাবেন না।













