২৮ দিনের রিচার্জ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ। এবার বদল আসতে চলেছে রিচার্জ প্ল্যানে। প্রিপেড গ্রাহকদের জন্য ৩০ দিন বা তার কম মেয়াদের রিচার্জের বিকল্প বাড়াতে নতুন নিয়ম এনেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। পাশাপাশি যাঁদের মোবাইল ডেটা প্রয়োজন নেই, তাঁদের জন্য শুধু ভয়েস কল ও এসএমএসের রিচার্জের সুযোগও আরও বাড়ানো হচ্ছে।রবিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।
তাঁর দাবি, নতুন নিয়মে ২৮ দিনের রিচার্জের কারণে বছরে ১৩ বার রিচার্জ করার যে সমস্যা তৈরি হত, তা কমবে। ৩০ দিনের প্ল্যান থাকলে মাসে এক বার করে বছরে ১২ বার রিচার্জ করেই পরিষেবা চালানো সম্ভব হবে।নতুন নিয়মে এমন স্পেশাল ট্যারিফ ভাউচার রাখতে হবে, যাতে ডেটা ছাড়াই ভয়েস ও এসএমএস পরিষেবা পাওয়া যায়। অর্থাৎ যাঁরা মূলত ফোন করা বা মেসেজ পাঠানোর জন্য মোবাইল ব্যবহার করেন, তাঁদের ডেটা-সহ প্যাক নিতে বাধ্য হওয়ার সম্ভাবনা কমবে।এই ধরনের প্ল্যানের মেয়াদ ৩০ দিন বা তার কম হতে পারে। পাশাপাশি অন্তত একটি এমন প্ল্যান রাখতে হবে, যা প্রতি মাসে একই তারিখে রিচার্জ করা যাবে। কোনও মাসে সেই তারিখ না থাকলে মাসের শেষ দিনে রিচার্জের ব্যবস্থা থাকবে।ট্রাই জানিয়েছে, কম আয়ের গ্রাহক এবং যাঁদের ডেটার প্রয়োজন কম, তাঁদের জন্য ছোট মেয়াদের ভয়েস ও এসএমএস প্ল্যানের বিকল্প বাড়ানো এই পরিবর্তনের অন্যতম উদ্দেশ্য।
বিশেষ করে শুধুমাত্র যোগাযোগের জন্য মোবাইল ব্যবহার করেন, এমন গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নেওয়ার সুযোগ বাড়বে।২০২৬ সালের এপ্রিলে এই সংশোধনের খসড়া প্রকাশ করেছিল ট্রাই। পরে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়। মোট ১,১৩২টি মতামত পাওয়ার পর চূড়ান্ত নিয়ম প্রকাশ করা হয়েছ।রাঘব চাড্ডা ১১ মার্চ সংসদে ২৮ দিনের রিচার্জের বিষয়টি তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এক বছরে ১২ মাস থাকা সত্ত্বেও ২৮ দিনের প্ল্যানের কারণে গ্রাহকদের ১৩ বার রিচার্জ করতে হয়। সেই সঙ্গে ডেটা প্রয়োজন নেই এমন ব্যবহারকারীদের জন্য কম খরচের ভয়েস-অনলি প্ল্যানের দাবিও জানিয়েছিলেন তিনি। সেসময় বিরাট বাহবা পেয়েছিলেন। কিন্তু তাঁর দাবি কার্যকর হয়নি।নতুন নিয়মকে সেই দাবির সঙ্গে যুক্ত করে চাড্ডা বলেছেন, সংসদে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং তার পরে নীতিগত পরিবর্তন হওয়া গঠনমূলক রাজনীতির উদাহরণ।














