Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জাপানকে ৪৯-২৪ গুঁড়িয়ে এশিয়াডে অভিযান শুরু ভারতের

জাপানকে ৪৯-২৪ গুঁড়িয়ে এশিয়াডে অভিযান শুরু ভারতের

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের চেনা আধিপত্য বজায় রেখে পুরুষদের কাবাডিতে দুরন্ত সূচনা করল ভারত। সোমবার পুলের প্রথম ম্যাচে আয়োজক দেশ জাপানকে ৪৯-২৪ ব্যবধানে কার্যত উড়িয়ে দিল ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও রক্ষণের নিখুঁত মেলবন্ধনে জাপানি খেলোয়াড়দের কোনো প্রতিরোধই গড়ে তুলতে দেয়নি তারা। জাপানের বোনাস পয়েন্ট দিয়ে খেলার শুরু হলেও অয়ন লোচ্ছাবের টাচ পয়েন্টের পর আশুর বিধ্বংসী ‘সুপার রেইড’-এ ভর করে প্রথম অল-আউট ঘটিয়ে শুরুতেই ১১-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

 

 

এরপর আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দ্বিতীয়বার জাপানকে অল-আউট করে ব্যবধান ১৮-২ করে ভারতীয় দল। আক্রমণভাগে আশু ও দেবাঙ্কের চোখধাঁধানো রেইড এবং রক্ষণে সুনীল কুমার ও রাহুলের অটল বাধার মুখে পড়ে প্রথমার্ধেই ৩১-৯ পয়েন্টের পাহাড়ে চড়ে বসে ভারত। দ্বিতীয়ার্ধে পবন সেহরাওয়াত, অর্জুন দেশওয়াল এবং আসলাম ইনামদার ম্যাটে নেমে আক্রমণের রাশ শক্ত হাতে ধরে রাখেন। দ্বিতীয়ার্ধে জাপান কিছুটা লড়াই করে ব্যবধান কমানোর চেষ্টা করলেও ভারতের বিশাল লিড টপকানো তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়; শেষ পর্যন্ত ৪৯-২৪ পয়েন্টে সহজ জয় তুলে নিয়ে কোর্ট ছাড়ে ভারত। কাবাডিতে এই দাপুটে সূচনার পাশাপাশি সোমবার এশিয়াডের একাধিক ইভেন্টেও উজ্জ্বল রইল ভারতের পারফরম্যান্স।

 

শুটিং রেঞ্জে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে হিমাংশু ধিলোঁ রুপো এবং রুদ্রাঙ্কশ পাতিল ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দলগত বিভাগেও রুপো এনে দিয়েছেন। অন্যদিকে এমএমএ-তে সুচিকা তড়িয়াল জিতেছেন ঐতিহাসিক ব্রোঞ্জ। বক্সিংয়ে ৭০ কেজি বিভাগে থাইল্যান্ডের প্রতিপক্ষকে পরাস্ত করে পরের রাউন্ডে উঠেছেন সুমিত। সফট টেনিস ও সুইমিংয়েও ইতিবাচক ফল মিলেছে— ৫০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে জায়গা করে নিয়েছেন শ্রীহরি নটরাজ। এছাড়া টেবল টেনিসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-০ ব্যবধানে পর্যুদস্ত করেছে ভারতের মহিলা দল। সব মিলিয়ে এশিয়াডের আঙিনায় ভারতীয় অ্যাথলিটদের আধিপত্যের ধারা বজায় রইল সোমবারও।

READ MORE.....