নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছে পরিবার। সেই অসহায়তাকে হাতিয়ার করেই এ বার তন্ত্রসাধনার নামে প্রতারণার অভিযোগ উঠল। ছেলেকে বাড়ি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ফোনে দাবি করা হল হরিণের দুধ, চামড়া-সহ একাধিক সামগ্রী। সেগুলি জোগাড় করতে না পারলে দিতে হবে সাড়ে তিন হাজার টাকা। এমনকি, টাকা পাঠানোর জন্য পরিবারের মোবাইলে পাঠানো হয় স্ক্যানার কোডও। আতঙ্কিত পরিবার দ্বারস্থ হয়েছে সিউড়ি থানার।
সিউড়ি থানার লাঙুলিয়া গ্রামের বাসিন্দা লাল্টু বাউড়ির ২২ বছরের ছেলে রঞ্জন মানসিক অসুস্থ। কয়েক মাস আগে বর্ধমানে চিকিৎসা করাতে গিয়ে স্টেশন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় সে। বহু খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান মেলেনি। তাকে ফিরে পেতে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিল পরিবার। অভিযোগ, সেই পোস্টারে দেওয়া ফোন নম্বর থেকেই প্রতারকেরা যোগাযোগ করে থাকতে পারে।পরিবারের দাবি, শনিবার সকালে একটি অচেনা নম্বর থেকে লাল্টুবাবুর কাছে ফোন আসে।
তন্ত্রসাধনার জন্য কয়েকটি বিশেষ সামগ্রী চাওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি দিতে বলা হয়। অন্যথায় রঞ্জনকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সকাল ১১টার মধ্যে সামগ্রী পৌঁছে দিলে ছেলেকে ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছিল।লাল্টুবাবুর অভিযোগ, ফোনে হুমকি দিয়ে জ্বালাতন করা হলেও ছেলের সন্ধান সম্পর্কে কোনও প্রমাণ দেওয়া হচ্ছে না। রঞ্জনের কাকা রবিন বাউড়িও একই অভিযোগ করেছেন। ইতিমধ্যে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, নিখোঁজ যুবকের খোঁজে পরিবারের মরিয়া চেষ্টাকে কাজে লাগিয়ে টাকা হাতানোর উদ্দেশ্যেই এই ফোন। অভিযুক্তদের সন্ধানে ফোন নম্বরটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।














