পুজোর আগে রাস্তায় নামবে বহু বাস। মঙ্গলবার বারাসাতে পরিবহন দফতরে এসে একথা জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পাশাপাশি জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন। পরিবহণমন্ত্রী জানান, ইতিমধ্যেই এ বিষয়ে পরিবহণ দফতরের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক স্তরেও তৎপরতা শুরু হয়েছে।
এদিন বারাসাতের পরিবহন দফতরের অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী। পরিবহণ দফতরের কাজ পরিচালনার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে, তা আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত শোনেন তিনি। সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন। পুজোর মরসুমে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাস পরিষেবা বাড়ানোর কথাও জানান পরিবহণমন্ত্রী।
পুজোর পর রাজ্যে আরও প্রচুর সরকারি বাস রাস্তায় নামানো হবে বলে জানিয়েছেন অর্জুন সিং। উৎসবের সময়ে যাতে সাধারণ মানুষকে যাতায়াতে সমস্যায় পড়তে না হয়, সে বিষয়েও পরিবহণ দফতরের তরফে পরিকল্পনা করা হচ্ছে। এদিকে মিলন প্রধানকে ঘিরে চলা মামলার প্রসঙ্গ উঠলে অর্জুন সিং জানান, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। ফলে বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। এর পাশাপাশি জাতীয় রাজনীতির প্রসঙ্গেও সরব হন তিনি। ইন্ডি জোট নিয়ে বিশেষ চিন্তিত নন বলে দাবি করে তাঁর বক্তব্য, আগামী দিনে দেশের রাজনীতিতে মূলত দুটি বড় রাজনৈতিক শক্তির উপস্থিতিই থাকবে এবং সেই লড়াইয়ে বিজেপিই নেতৃত্ব দেবে। তৃণমূল কংগ্রেসকে নিয়েও তীব্র আক্রমণ করে বলেন, তৃণমূলের গোটা সংগঠনই দুর্নীতির সঙ্গে যুক্ত। একই সঙ্গে ইন্দ্রনীলের রাজনৈতিক যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।














