মুর্শিদাবাদের ভূমিপুত্র তথা কাতার এয়ারলাইন্সের পাইলট সাহিল শেখ কংগ্রেসে যোগদান করলেন। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন সাহিল শেখের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মীও কংগ্রেসে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন রাধারঘাট-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি মণ্ডল, পঞ্চায়েত সদস্য হাসিবুল শেখ, আরজিনা বিবি, সাইফুল শেখ, রাধারঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত মণ্ডল এবং যুব তৃণমূলের সভাপতি রাইহান শেখ।
যোগদান কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে অধীর চৌধুরী বলেন, ‘একজন পাইলট আমাদের দলে যোগদান করেছেন, এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। এর আগেও একজন বিশিষ্ট চিকিৎসক কংগ্রেসে যোগ দিয়ে কান্দি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আগামী দিনে মুর্শিদাবাদ জেলা তথা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করছেন। তাঁরা মনে করছেন কংগ্রেসই একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক দল এবং দলকে আরও শক্তিশালী করা প্রয়োজন’।
কংগ্রেস নেতৃত্বের দাবি, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এই যোগদান জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। মুর্শিদাবাদে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনেও এমন যোগদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব।















