‘বিজেপি নেতাদের তাড়িয়ে তাড়িয়ে মারবে কৃষকরা’।’ এমনই অভিযোগ তুলে শুক্রবার গুজরাটের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কড়া সুরে জানালেন, ”যদি পুলিশকে একদিনের জন্য সরিয়ে নেওয়া হয়, তাহলে এখানকার কৃষকরা বিজেপি নেতাদের তাড়িয়ে তাড়িয়ে মারবেন।
গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ‘কিষাণ মহাপঞ্চায়েতে’ বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে সরব হন কেজরি। বলেন, “গত ৩০ বছর ধরে কৃষকরা বিজেপিকে ভোট দিয়েছেন। আর এই লোকেরা আপনাদের সন্তানদের জেলে ভরছে। আপনাদের ভোট পেয়ে অহংকারী হয়ে উঠেছে।
কাপুরুষ বিজেপি নেতারা পুলিশের ছাতার নিচে আশ্রয় নেয়। কৃষকরা এদের উপর ভীষণ ক্ষুব্ধ। যদি একদিনের জন্য পুলিশ তুলে নেওয়া হয় তাহলে এই কৃষকরা বিজেপি নেতাদের বাড়ি থেকে টেনে বের করে মারবে। কোথাও লুকনোর জায়গা পাবে না। একদিন পুলিশ তুলে নাও, আমরা গুজরাট জুড়ে বিজেপি নেতাদের জীবন দুর্বিষহ করে তুলব। বিজেপি বিরাট ফাওদা লুটছে, এদের লুটপাট চালিয়ে যেতে দেব না।















