‘চোখ তুলে তাকালেও ঘরে ঢুকে মারব’, পাকিস্তানকে ‘সিঁদুর’ মনে করালেন মোদি । আজকের ভারত শত্রুদের যে ভাষায় জবাব দেয়, সেটা অনেক বেশি শক্তিশালী, দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক। সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মজয়ন্তীর মঞ্চে দাঁড়িয়ে ফের হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী। সাফ বলে দিলেন, পাকিস্তানে যারা সন্ত্রাসবাদীদের মাথা তারা আজকের ভারতের শক্তি বোঝে।
জাতীয় একতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বললেন, “অপারেশন সিঁদুর চলাকালীন গোটা দুনিয়া দেখেছে কেউ যদি আমাদের দিকে চোখ তুলে তাকায় ভারত তাদের ঘরে ঢুকে মারবে। আজ পাকিস্তান, আর সন্ত্রাসবাদীদের মাথারা জানে ভারতের শক্তি কতটা।” মোদির অভিযোগ, পূর্ববর্তী সরকারগুলি (পড়ুন কংগ্রেস সরকারগুলি) সর্দার প্যাটেলের আদর্শ ভুলেছে। দেশের একতা আজ প্রশ্নের মুখে। ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপস করেছে কংগ্রেস।














