Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বেলুড় মঠ দর্শন করে হাওড়ায় প্রচারে মোদী

বেলুড় মঠ দর্শন করে হাওড়ায় প্রচারে মোদী

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশাল এক রোড শো-র মাধ্যমে হাওড়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীতে প্রথমেই বেলুড় মঠে এসে পৌঁছান তিনি। কলকাতা বিমানবন্দর থেকে তিনি সোজা গাড়িতে চড়ে পুণ্যতীর্থ বেলুড় মঠে আসেন। সেখানে মূল মন্দিরসহ অন্যান্য মন্দির দর্শনের পর তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই তিনি সালকিয়া বাঁধাঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ৪ কিমি পথ রোড শো-তে অংশ নেন।

 

বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে নির্বাচনী প্রচারে এদিনের ওই রোড শো-তে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গতঃ হাওড়ায় আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফা ভোটের প্রচারে এসে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী প্রথমেই যান বেলুড় মঠে। বেলুড় মঠের মূল ফটকের মধ্য দিয়ে তাঁর কনভয় সোজা চলে আসে মঠে। এরপর মঠের মূল মন্দিরে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। তারপর তিনি চলে যান স্বামী বিবেকানন্দের শয়নকক্ষে। সেখানেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর মঠের প্রেসিডেন্ট মহারাজের ঘরে যান প্রধানমন্ত্রী।

 

তাঁকে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন।প্রায় মিনিট কুড়ি মঠে কাটিয়ে এদিন বেলুড় মঠ থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী হুডখোলা গাড়িতে এক রোড শো-তে অংশ নেন। গাড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। গাড়ির সামনে দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং ও উমেশ রাইসহ দলের জেলা সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য পায়ে হেঁটে রোড শো-তে অংশ নেন। এদিন রাস্তার দু-পাশে বিশাল সংখ্যক মানুষ উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও পাল্টা হাত নেড়ে প্রত্যুত্তরে শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাস্তার ধারে বারান্দায়, বাড়ির ছাদে মহিলারা পুষ্পবৃষ্টি করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

READ MORE.....