Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভোটের আগে তৃণমূলের পোস্টার বিতর্ক

ভোটের আগে তৃণমূলের পোস্টার বিতর্ক

ভোটের আগে মুর্শিদাবাদ শহরে তৃণমূল কংগ্রেসকে ঘিরে পোস্টার বিতর্কে চাঞ্চল্য ছড়াল। এদিন সকালে মুর্শিদাবাদ পৌরসভার সামনে শহীদ বেদী এবং লালবাগ সিংঘী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ব্রাহ্ম সমাজ ভবনের দেওয়ালে একাধিক পোস্টার চোখে পড়ে। ওই পোস্টারগুলিতে ‘তৃণমূল কংগ্রেস রক্ষা কমিটি’র নাম ব্যবহার করে লেখা হয়েছে, তারা শাওনী সিংহ রায়কে প্রার্থী হিসেবে মানতে নারাজ। ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

 

স্থানীয়দের মতে, ভোটের মুখে এমন পোস্টার সামনে আসায় তৃণমূল কংগ্রেসের অন্দরে মতভেদের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। যদিও কারা এই পোস্টার লাগিয়েছে বা এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি ঘিরে শহরজুড়ে রাজনৈতিক জল্পনা বাড়ছে।

 

যাঁর বিরুদ্ধে এই পোস্টার পড়েছে, তিনি একসময় মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন। পাশাপাশি তিনি প্রাক্তন বিধায়িকা এবং গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। সেই প্রেক্ষিতে দলেরই একাংশের তরফে এভাবে প্রকাশ্যে আপত্তি তোলা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করেছেন মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস সরকার এবং প্রাক্তন পৌরপ্রধান সৌমেন দাস। তাঁদের অভিযোগ, মুখোশধারী কিছু ব্যক্তি তৃণমূলের নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ঘটনার প্রতিবাদে সৌমেন দাসের নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা পোস্টারগুলি ছিঁড়ে ফেলে এবং সেগুলিতে আগুন লাগিয়ে দেন।

 

শুভাশিস সরকার জানান, তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ললিতা নন্দী দাসের নেতৃত্বে এই ঘটনার তদন্তের দাবিতে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। অন্যদিকে, যাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে, তিনি গোষ্ঠীকোন্দলের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে এর পেছনে বিজেপির হাত থাকতে পারে বলে দাবি করেছেন।
এ বিষয়ে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপ্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌরসভার পক্ষ থেকেও মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করার দাবি জানানো হবে। তবে তিনি এটাও স্বীকার করেন, দলের মধ্যেই কিছু অসাধু ব্যক্তি থাকতে পারে, যাঁরা এই ধরনের দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

READ MORE.....