নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণা হতেই মুর্শিদাবাদ জেলাজুড়ে শুরু হয়ে গেল নিরাপত্তা তৎপরতা।রবিবার বিকেলে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই জেলাজুড়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানো এবং আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে রবিবার সন্ধ্যা থেকেই বহরমপুর-এর নওদাপানুর সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার কৌশল নেওয়া হয়েছে। কারণ রাজনৈতিক দিক থেকে মুর্শিদাবাদ জেলা বরাবরই সংবেদনশীল হিসেবে পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনেও জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবারের বিধানসভা নির্বাচনে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন।
রবিবার সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ শোনা যেতে শুরু করেছে। গ্রামাঞ্চল থেকে শহর—সব জায়গাতেই নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়ছে। বহরমপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারিও শুরু হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে নিয়ম মেনে প্রতিদিন দু’দফায় এই টহলদারি চালানো হবে। জেলার সব স্পর্শকাতর এলাকায় সকাল ও সন্ধ্যায় রুটমার্চ করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপত্তার বার্তা দেওয়া হবে।
এছাড়াও নির্বাচনকে ঘিরে সম্ভাব্য বেআইনি কার্যকলাপ রুখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নাকা চেকিং আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতের সময় বিশেষ করে রাজ্য সড়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে চলন্ত গাড়িতে তল্লাশি চালানো হবে।
বেআইনি অস্ত্রপাচার, মাদক পাচার এবং জাল নোটের কারবার রুখতেই এই তল্লাশি অভিযান চালানো হবে বলে প্রশাসন জানিয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ যৌথভাবে এই নজরদারি চালাবে, যাতে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা।















