রাজ্যে নতুন শিল্পের আগমন ঘটছে দাবি করে মুখ্যমন্ত্রী জানান, শিল্প গোষ্ঠী রিলায়েন্স রাজ্যে বড় ধরনের বিনিয়োগ করতে চলেছে এবং এর জন্য কলকাতায় তারা একটি বড় দল পাঠিয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে রাজ্যের সার্বিক পরিকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে বলে আশ্বাস দেন তিনি। বুধবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, রিলায়েন্সের একটি বড় প্রতিনিধিদল কলকাতায় আসছে।
রাজ্যে একাধিক ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। রিলায়েন্সও এ রাজ্যে বড় বিনিয়োগ করছে। কলকাতায় তারা বড় দল পাঠিয়েছে।’ এর আগে মুকেশ অম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে তাঁর বৈঠকের পরেই রিলায়েন্সের তরফে পশ্চিমবঙ্গে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সংস্থার একটি দল রাজ্যে এসে সম্ভাব্য প্রকল্পগুলি খতিয়ে দেখবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।














