হাতি তাড়াও, ফসল বাঁচাও এই দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া বনাঞ্চল এলাকার মালবান্ধি এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি ফসল পেকে আসছে। হাতির পাল মাঠে নেমে সব ফসল খেয়ে , পায়ে মাড়িয়ে নষ্ট করে দিচ্ছে।
কয়েকশ গ্রাম বাসী এদিনের পথ অবরোধ বিক্ষোভ এ সামিল হন। মালবাঁধি রাস্তা আটকে রেখে বিক্ষোভ চলে। যার ফলে মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার একই দাবিতে মেদিনীপুর সদর ব্লকের বেলিয়া এলাকায় মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়কের মাঝে পথ অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিল। গ্রামবাসীদের দাবি যদি বন দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামীদিনে তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।
ঘটনাস্থলে গুড়গুড়ি পাল থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা গেলে তাঁদের ঘেরাও করে রাখা হয়। যার ফলে বৃহস্পতিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার আমডোবা জঙ্গলে ২০ টি হাতি রয়েছে। সেই হাতির দল প্রতিদিন খাবারের সন্ধানে মাঠে গিয়ে পাকা ধান চাষের ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি শুরু করেছেন বলে তারা জানান। তবে পুলিশ গ্রামবাসীদের আশ্বাস দেন দ্রুত ওই এলাকা থেকে হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। তাই পুলিশের আস্তে আস্তে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়।















