Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হরমনপ্রীত ও দীপ্তির জোড়া শতক, সিরিজ জয় ভারতের

হরমনপ্রীত ও দীপ্তির জোড়া শতক, সিরিজ জয় ভারতের

হরমনপ্রীত কৌরের আক্রমণাত্মক ব্যাটিং এবং দীপ্তি শর্মার নিখুঁত ক্রীড়াশৈলী— দুই অভিজ্ঞ তারকার জোড়া শতকে ভর করে দ্বিতীয় একদিনের ম্যাচে জিম্বাবোয়েকে ১২১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করল ভারত। রবিবার গুজরাতের ভদোদরায় এই দাপুটে জয়ের ফলে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ নিজেদের পকেটে পুরে নিল ভারতীয় দল। প্রথম ম্যাচেও নয় উইকেটের বড় ব্যবধানে জিতেছিল ভারত।

 

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৮ রানের পাহাড়প্রমাণ ইনিংস গড়ে তোলে ভারত। দলের দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা শুরুতেই দ্রুত সাজঘরে ফিরলেও প্রতিরোধ গড়ে তোলেন প্রতীকা রাওয়াল এবং প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর। দু’জনের মধ্যে গড়ে ওঠে ১২৪ রানের শক্ত পার্টনারশিপ। প্রতীকা ৬৭ বলে ৬১ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

 

এরপর ক্রিজে আসেন দীপ্তি শর্মা। হরমনপ্রীতের সঙ্গে তাঁর ১৫৩ রানের দুর্দান্ত জুটি ভারতকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। অধিনায়কত্বের চাপমুক্ত হরমনপ্রীত ১২১ বলে ১২৬ রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন, যা সাজানো ছিল ১৫টি বাউন্ডারিতে। এটি ছিল তাঁর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টম শতক। অন্য প্রান্তে দীপ্তি শর্মাও ছিলেন সমান আগ্রাসী। তিনি ৮৬ বলে অপরাজিত ১০৬ রান করেন এবং ইনিংসে ছিল ১৫টি দৃষ্টিনন্দন চার।

 

শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩২৮ রান। ৩২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় স্পিনারদের ঘূর্ণির সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। বাঁ-হাতি স্পিনার বৈষ্ণবী শর্মা দুরন্ত বোলিং করে চার উইকেট শিকার করেন। শতক হাঁকানোর পর বল হাতেও সফল দীপ্তি শর্মা মাত্র ৩২ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। জিম্বাবোয়ের পক্ষে মোদেস্তার মুপাচিকওয়া (৪৯) এবং চিপো মুগেরি-তিরিপানো (৪৬) সামান্য লড়াই চালালেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২০৭ রানেই গুটিয়ে যায় সফরকারী দলের ইনিংস।

READ MORE.....