রাজ্যে বিধানসভা ভোটের দামামা বাজল বলে। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই পার্ক সার্কাস ময়দানে কলকাতা পুরসভা আয়োজিত ইফতারের আসরে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের প্রথা মেনে বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে বসে ইফতার সারলেন তিনি। তবে এবার সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী আচরণ বিধি বা ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ চালুর আগেই এই কর্মসূচি সেরে ফেলে সচেতনতার পরিচয় দিলেন তৃণমূল নেত্রী।
পার্ক সার্কাসের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির মুখ মুখ্যমন্ত্রী । পুজো, ঈদ কিংবা বড়দিন রাজ্যের সমস্ত উৎসবেই মুখ্যমন্ত্রীর উপস্থিতি এখন চেনা ছবি। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। আর কয়েক দিনের মধ্যেই ভোট ঘোষণা হতে পারে। নিয়ম অনুযায়ী, কমিশন ভোটের দিন ঘোষণা করলেই কার্যকর হবে আচরণ বিধি।
তখন এমন কোনও কাজ বা ঘোষণা করা যায় না, যা ভোটারদের সরাসরি প্রভাবিত করতে পারে। সেই বিতর্ক এড়াতেই তড়িঘড়ি দলীয় নেতা ও সাংসদদের নিয়ে ইফতার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার বার্তা এ দিন মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে স্পষ্ট ছিল। রাজনৈতিক কারবারিদের মতে, কোনওভাবেই যাতে বিরোধীরা নিয়মভঙ্গের অভিযোগ তুলতে না পারে, সেই লক্ষ্যেই আগেভাগে সেরে নেওয়া হল এই অনুষ্ঠান। সব মিলিয়ে ধর্মের মেজাজেও এ দিন মিশে থাকল ভোটের সতর্ক অঙ্ক।
ছবি সোশ্যাল মিডিয়া।













