Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফুটবল বিশ্বকাপ চলাকালীন খারাপ খবর , ধর্ষনের মামলায় মরক্কো অধিনায়ককে মুখোমুখি হতে হবে বিচারের !

ফুটবল বিশ্বকাপ চলাকালীন খারাপ খবর , ধর্ষনের মামলায় মরক্কো অধিনায়ককে মুখোমুখি হতে হবে বিচারের !

বিশ্বকাপের মাঝেই খবরটা পেল মরক্কো দল। দলের অধিনায়ক ও ফরাসি ক্লাব পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ফরাসি সরকারি কৌঁসুলিরা হাকিমির বিচারের মুখোমুখি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৩ সালে এক তরুণী অভিযোগ করেছিলেন, প্যারিসে হাকিমির বাড়িতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তখন ওই তরুণীর বয়স ছিল ২৪ বছর। এরপর ২০২৩ সালের মার্চ মাসে প্যারিসের পশ্চিম উপশহর নানতান্তের সরকারি প্রসিকিউটরের কার্যালয় এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একজন তদন্তকারী বিচারক মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই বিচারপ্রক্রিয়া বাতিলের জন্য হাকিমি একটি আপিল করেছিলেন, যা আদালত খারিজ করে দিয়েছেন।

২৭ বছর বয়সী হাকিমি অবশ্য শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। উল্লেখ্য স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মরক্কোকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তাঁর। মাঠের লড়াইয়ে নামার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে হাকিমি নিজের অবস্থান পরিষ্কার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হাকিমি লিখেছেন, ‘বিচারব্যবস্থা যেন আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল ‘ তুমি যদি বিখ্যাত না হতে, তবে এই মামলা কখনোই হতো না। আমি বছরের পর বছর চুপ থাকা বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম মর্যাদা ধরে রাখা, ধৈর্য ধরা এবং বিচারব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্ত আসবে। আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের বিনিময়ে এমন এক গল্প ছড়ানো হচ্ছে, যা আমার নয়। মাঝে মাঝে মনে হয়, আমি খুব সহজ একটা লক্ষ্যবস্তু হয়ে গেছি। আমি প্রথম দিন থেকেই এই বিচারের অপেক্ষায় ছিলাম। এখনো আমি অধীর আগ্রহে এর জন্য অপেক্ষা করছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারব।’

অন্যদিকে ভুক্তভোগী তরুণীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দোর আইনজীবী এক বিবৃতিতে স্বস্তি প্রকাশ করে বলেছেন, ‘তিন বছরের বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত আমার মক্কেলের মনে স্বস্তি ও আশা জাগিয়েছে। আশরাফ হাকিমির আইনজীবীরা আমার মক্কেলের মানহানি করেছে এবং তার দিকে কাদা ছুড়েছে। তবে এই সিদ্ধান্তের পর সে স্বস্তি পেয়েছে যে বিচারব্যবস্থা তার কথা শুনেছে এবং সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা আশা করি, এই বিচার অন্য নারীদেরও সাহায্য করবে এবং পুরুষ ফুটবলের দুনিয়ায় যৌন সহিংসতাকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্বীকার ও দায়মুক্তির দেয়ালকে ভেঙে দেবে।’ অবশ্য আদালতে এই বিচার কবে থেকে শুরু হবে, তার সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এবারের বিশ্বকাপে মরক্কোর গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। মরক্কো দলও বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছে। তবে মরক্কো যদি নকআউট পর্বে যায় এবং তাদের ম্যাচগুলো যদি যুক্তরাষ্ট্রের বাইরে কানাডা বা মেক্সিকোতে পড়ে, তখন হাকিমির সেখানে প্রবেশ করা নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।

ঠিক একই কারণে গত সপ্তাহে ঘানার মিডফিল্ডার টমাস পার্টি কানাডায় প্রবেশ করতে পারেননি। ফলে পানামার বিপক্ষে দলের উদ্বোধনী ম্যাচটি মিস করতে হয় ৩২ বছর বয়সী এই ফুটবলারকে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন মহিলার আনা সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে আগামী বছর পার্টির বিচার শুরু হওয়ার কথা রয়েছে। কানাডা সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে স্পষ্ট বলা আছে, ‘কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকলে বা অপরাধী সাব্যস্ত হলে’ তাকে দেশে প্রবেশাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

READ MORE.....