আমেরিকা জুড়ে এখন ভারতীয় আমের জয়জয়কার। গ্রীষ্মের মরশুমে মার্কিন মুলুকে রীতিমতো ম্যাজিক দেখাল ভারতের ফলরাজ। শনিবার ওয়াশিংটন ডিসি-তে ভারতীয় দূতাবাসের উদ্যোগে আয়োজিত ‘টেস্ট দ্য ট্রপিক্যাল ম্যাজিক’ বা আম আস্বাদন উৎসবে ভিড় জমালেন আট হাজারেরও বেশি মানুষ। আমেরিকার মাটিতে ভারতীয় আমের এই বিপুল জনপ্রিয়তা প্রমাণ করে দিল যে, মার্কিন খাদ্যরসিকদের জিভে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে ভারতের এই গ্রীষ্মকালীন উপহার। অনুষ্ঠানের অপ্রত্যাশিত সাফল্য দেখে উচ্ছ্বসিত আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।
তিনি জানিয়েছেন, আয়োজকদের তরফে আগাম খবরের ভিত্তিতে প্রায় আট হাজার মানুষের জমায়েত আশা করা হলেও, বাস্তবে দর্শক সমাগম সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, একে নিছকই ‘আম কূটনীতি’ বলা চলে না। এটি আসলে ভারতের বিশাল এবং বৈচিত্র্যময় স্বাদভাণ্ডারের এক ক্ষুদ্র অংশ মাত্র, যা আমেরিকার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই কথাই প্রমাণ করে যে, আমের স্বাদ মার্কিনীদের মনে কতটা গভীরভাবে গেঁথে গিয়েছে। তবে এই উৎসবে শুধু আমের স্বাদ নেওয়ারই সুযোগ ছিল না। ভারতীয় আমের পাশাপাশি ভারতের সুগন্ধি বাসমতী চাল, নানা ধরনের চা এবং কফিরও প্রচার করা হয়। এমনকি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছিল বিশেষ ‘অলিভ টি’ বা জলপাইয়ের পাতার চা, যা রাষ্ট্রদূত কোয়াত্রা সহ অনেকের কাছেই ছিল একেবারে নতুন অভিজ্ঞতা।
রাষ্ট্রদূতের কথায়, শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষমেশ আবহাওয়া অনুকূলই ছিল। মেঘ কেটে গিয়ে আবহাওয়া শুষ্ক থাকায় হাজার হাজার মানুষ উৎসবের মেজাজে ভারতীয় খাবারের স্বাদ উপভোগ করতে পেরেছেন। দর্শকদের এই বিপুল উন্মাদনা দেখে আগামী দিনে এমন উৎসব আরও বড় পরিসরে আয়োজনের চিন্তাভাবনা করছে ভারতীয় দূতাবাস। রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন, এই অভাবনীয় সাড়া তাঁদের কাছে এক বিশেষ বার্তা। এর ফলে বছরে একবারের বদলে আগামী দিনে হয়তো দু’বার এ ধরনের খাদ্য প্রচার উৎসবের আয়োজন করা হতে পারে। পাশাপাশি, প্রদর্শিত ভারতীয় পণ্যের ডালি আরও বৈচিত্র্যময় করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলিয়ে, শনিবারের ওই উৎসব শুধু আমের স্বাদই বিতরণ করেনি, বরং আমেরিকা ও ভারতের মধ্যেকার সাংস্কৃতিক মেলবন্ধনকেও এক অনন্য রূপ দিল।













