Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিসিসিআইয়ের কড়া শাস্তির মুখে রাজস্থান রয়্যালসের পেসার

বিসিসিআইয়ের কড়া শাস্তির মুখে রাজস্থান রয়্যালসের পেসার

বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার নান্দ্রে বার্গারের ম্যাচ ফি-র দশ শতাংশ জরিমানা করা হল। সেই সঙ্গে তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। আইপিএলের নিয়মাবলির ২.৫ ধারা অনুযায়ী লেভেল ওয়ান বা প্রথম স্তরের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার।

 

মাঠে অন্য কোনও খেলোয়াড়কে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা প্রয়োগ, এমন কোনও আচরণ বা অঙ্গভঙ্গি করা যা প্রতিপক্ষকে প্ররোচিত করতে পারে, এইগুলি উক্ত ধারার আওতাভুক্ত। ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তিও মাথা পেতে নিয়েছেন বার্গার। উল্লেখ্য, এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৪০ রানে হারিয়ে দেয় রাজস্থান রয়্যালস। অন্যদিকে, রাজস্থানের কাছে এই হতাশাজনক হারের পর পিচের চরিত্র বুঝতে না পারার দায়ভার নেওয়া ছাড়া লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের কাছে আর কোনও উত্তর ছিল না। মাত্র ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৯ রানে দল গুটিয়ে যাওয়ার পর পন্থ বলেন, তাঁর কাছে কোনও উত্তর নেই এবং ব্যাটিং ব্যর্থতার কারণেই দল হিসেবে তাঁরা চরম হতাশ।

 

তিনি আরও জানান যে, বাইরে নয়, নিজেদের ভেতরেই এর উত্তর খুঁজতে হবে। ব্যাটিংয়ের সময় তাঁরা আরেকটু সময় নিতে পারতেন বলে আক্ষেপ করেন লখনউ অধিনায়ক। তিনি সহ সকলেই ম্যাচটিকে আরও গভীরে নিয়ে যেতে পারতেন এবং সামগ্রিক ব্যাটিং ব্যর্থতার দায় তাঁদের নিতেই হবে বলে স্বীকার করে নেন পন্থ। তবে এই ম্যাচে মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, দলের ইতিবাচক দিকগুলোর দিকেই তাঁদের তাকাতে হবে এবং এই মরশুমের চিত্র বদলে দেওয়ার মতো ক্ষমতা তাঁদের দলের রয়েছে।

 

অন্যদিকে, পিচ থেকে যে পেসাররা সুবিধা পাবেন, তা আগে থেকেই জানতেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ শেষে তিনি বলেন, বল যে সুইং করবে তা তাঁরা জানতেন এবং নান্দ্রে বার্গার ও জোফ্রা আর্চার যে লাইন এবং লেংথে বল করেছেন, তা সত্যিই অনবদ্য। নিজের খারাপ ফর্ম প্রসঙ্গে রিয়ান জানান যে, তিনি কিছু ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং দল তাঁর পাশে রয়েছে। তিনি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন এবং এখনও সেই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছেন যা দলের প্রত্যেকে বোঝে বলে মন্তব্য করেন রাজস্থান অধিনায়ক।

READ MORE.....