অভিবাসন সংকটে জর্জরিত স্প্যানিশ ছিটমহল সেউতার সমর্থনে তৈরি বিশেষ টি-শার্টের বার্তা আড়াল করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে গোটা ঘটনায় স্প্যানিশ সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়ে ফরাসি তারকা স্পষ্ট জানালেন, কোনও একটি অংশের যন্ত্রণাকে তিনি অন্য কষ্টের চেয়ে বড় করে দেখতে চান না। এলচের বিরুদ্ধে লা লিগায় ৩-২ গোলে রিয়াল মাদ্রিদের জয়ের আগে মাঠে নেমে সহ-খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র এবং ইব্রাহিমা কোনাতেকে সঙ্গে নিয়ে টি-শার্টটি বুকের ওপরের দিকে গুটিয়ে রাখেন এমবাপে।
ফলে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে তৈরি ‘আমরা সবাই সেউতার বাসিন্দা’ লেখা স্লোগানটি ঢাকা পড়ে যায়, যা নিয়ে শুরু হয় তীব্র চাপানউতোর। উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সেউতায় গত জুলাই মাস থেকে মরক্কো সীমান্ত পেরিয়ে হাজার হাজার অভিবাসী ঢুকে পড়ায় তীব্র মানবিক সংকট ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে লা লিগা ও ক্লাব কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে সেউতাবাসীদের প্রতি সংহতি জানাতে ফুটবলারদের ওই টি-শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিতর্কের মুখে সংবাদপত্র ‘দিয়ারিও এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে তাঁর অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমি পুরো বিষয়টা পরিষ্কার করে বোঝাতে চাই যাতে মানুষ সত্যিটা বুঝতে পারেন। ওই টি-শার্ট পরা ক্লাবগুলির সিদ্ধান্ত ছিল এবং খেলোয়াড় হিসেবে আমাদের তা পরতেই হতো। তবে সবার আগে বলতে চাই, একজন খেলোয়াড় হওয়ার আগে আমি একজন মানুষ, আর তাই সেউতা ও সেখানকার সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমার পূর্ণ সহমর্মিতা রয়েছে।” অভিবাসী সংকটের অন্য পিঠের করুণ বাস্তবের কথাও মনে করিয়ে দিয়েছেন প্যারিসে জন্ম নেওয়া এই তারকা স্ট্রাইকার, যাঁর মা আলজেরীয় বংশোদ্ভূত এবং বাবা ক্যামেরুন থেকে ফ্রান্সে এসেছিলেন। এমবাপে আরও যোগ করেন, “যেসব অভিবাসী প্রাণ হারিয়েছেন কিংবা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছেন, তাঁদের প্রতিও আমার সহানুভূতি ও সমর্থন জানাতে চেয়েছিলাম।
এটা অত্যন্ত কঠিন এক অবস্থান ছিল, কারণ মানুষ ভাবতেই পারেন আমি সেউতার বাসিন্দাদের বিরুদ্ধে। কিন্তু একেবারেই তা নয়। তাঁদের বিরুদ্ধে আমার কিছুই বলার নেই, মনেপ্রাণে আমি তাঁদের পাশে আছি। তবে যারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, তাঁদের কথাও তুলে ধরা দরকার ছিল। শেষ পর্যন্ত আমিও মানুষ, তাই এক ধরনের কষ্টের চেয়ে অন্য কারও কষ্টকে আলাদা করে প্রাধান্য দিতে চাই না। পৃথিবীতে এই যন্ত্রণা আমাকে গভীরভাবে পীড়িত করে। আমি ইতিবাচকতা এবং শান্তির বার্তা দিতে চাই, যাতে এই সংকটের দ্রুত সমাধান হয়।” উল্লেখ্য, সোমবারের ম্যাচে একই ধরনের টি-শার্ট পরে মরক্কোর ফুটবলপ্রেমীদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল রিয়াল বেতিসের মরক্কোন ফরোয়ার্ড আব্দে এজালজৌলিকেও।















