Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শুটিং দলের রুপোজয়ে রাষ্ট্রপতি মুর্মুর অভিনন্দন

শুটিং দলের রুপোজয়ে রাষ্ট্রপতি মুর্মুর অভিনন্দন

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল, হিমাংশু ধিলোঁ এবং পার্থ রাকেশ মানে। ভারতীয় এই ত্রয়ীর মোট সংগ্রহ ছিল ১৮৯০.১ পয়েন্ট। চিনা দল ১৮৯৯.০ পয়েন্টের বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেও দক্ষিণ কোরিয়াকে (১৮৮৪.২) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে শেষ করে ভারত।

 

দেশের এই অবিস্মরণীয় ক্রীড়াসাফল্যে ভারতীয় শুটারদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে এক বার্তায় রাষ্ট্রপতি লেখেন, “এশিয়ান গেমস ২০২৬-এ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রুপো জেতায় রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল, পার্থ রাকেশ মানে ও হিমাংশু ধিলোঁকে আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের নিখুঁত লক্ষ্যভেদ এবং অনবদ্য পারফরম্যান্স দেশের জন্য বিপুল গর্ব বয়ে এনেছে।

 

আগামী দিনে তোমাদের আরও সাফল্যের জন্য আমার শুভকামনা রইল।” এই দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও দারুণ ছাপ ফেলেছেন ভারতীয় শুটাররা; প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন রুদ্রাঙ্কশ ৬৩১.৮ স্কোর করে কোয়ালিফিকেশনে তৃতীয় এবং হিমাংশু ৬৩০.০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান দখল করে ব্যক্তিগত ফাইনালে পৌঁছান। অন্যদিকে মাত্র ১৮ বছর বয়সে প্রথমবার সিনিয়র এশিয়ান গেমসের বড় মঞ্চে নেমেই স্নায়ুর চাপ সামলে ৬২৮.৩ পয়েন্ট এনে দলের রুপো জয়ে অসামান্য অবদান রাখেন সোলাপুরের তরুণ শুটার পার্থ মানে।

 

ব্যক্তিগত ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে (দশম স্থান) থামলেও দলের জন্য পদক আনতে পেরে গর্বিত এই কিশোর। অলিম্পিয়ান সুমা শিরুরের তত্ত্বাবধানে মুম্বইয়ে প্রশিক্ষণ নেওয়া পার্থ ব্যক্তিগত উৎসব তোলা রাখছেন এলাভেনিল ভালারিভানের সঙ্গে মিক্সড টিম ইভেন্ট এবং লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের লক্ষ্যের জন্য। রবিবার মহিলাদের ইভেন্টে জোড়া রুপোর পর সোমবার পুরুষ দলের এই রুপো জয় চলতি এশিয়াডের শুটিং রেঞ্জে ভারতের জয়যাত্রাকে আরও জোরালো করে তুলল।

READ MORE.....