Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

টুলুর রক্ষাকবচের আবেদন খারিজ, বহাল গ্রেফতারি পরোয়ানা

টুলুর রক্ষাকবচের আবেদন খারিজ, বহাল গ্রেফতারি পরোয়ানা

আইনি জটিলতা আরও বাড়ল বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় রক্ষাকবচ এবং গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে মামলাটি ওঠে।

 

ফলে নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী টুলুকে হাজিরা দিতে হবে।পুলিশের অভিযোগ, বীরভূমে বেআইনি বালি ও পাথর কারবারের সঙ্গে টুলু মণ্ডলের যোগ রয়েছে। তদন্তের মধ্যেই তিনি নিখোঁজ হয়ে যান। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে।এর আগে টুলুর এক আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে নগদ প্রায় সাড়ে ২৮ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করে। তদন্তে ওই সম্পদের সঙ্গে টুলুর যোগের অভিযোগ সামনে আসে। এরপরই তাঁর সম্পত্তি ও ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে তদন্ত আরও জোরদার হয়।

 

মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় গোয়েন্দা তথ্যভাণ্ডারের তথ্য অনুযায়ী, টুলু গত ২৩ মে দেশ ছেড়েছেন। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় রক্ষাকবচ দিলে তিনি ফের তদন্ত এড়িয়ে যেতে পারেন বলেও রাজ্যের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়।অন্যদিকে, টুলুর বিরুদ্ধে তদন্তে বিপুল সম্পত্তি ও বেআইনি খাদানের সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ। তাঁর সন্ধানে তল্লাশি চলছে। মঙ্গলবারের হাই কোর্টের নির্দেশে আপাতত গ্রেফতারি এড়াতে আদালতের রক্ষাকবচ পাওয়ার পথও বন্ধ হল।

READ MORE.....