পুজোর আগেই চিনি ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট-সহ মহকুমা এলাকার আরও দুটি বাজার পরিদর্শন করেন তিনি। উত্তর-পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এই বাজারের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।শিলিগুড়ির এই ঐতিহ্যবাহী বাজারে এক প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী, যেখানে কৃষি বিপণন দপ্তরের সচিব অভিনব চন্দ্র, দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিক্কর, মহকুমাশাসক তথা রেগুলেটেড মার্কেটের সচিব বিকাশ রুহেলা এবং স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রতিদিন প্রায় ২০০টিরও বেশি ট্রাকে এই বাজারে শাক-সবজি, ফল ও মাছের কেনাবেচা হলেও নিকাশি ব্যবস্থা বিকল থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে ভোগান্তি হয় বলে জানা যায়।
মন্ত্রী জানান, রাজ্যে ৫০টি বাজারের সংস্কার হবে, যার মধ্যে থাকবে শিলিগুড়ির এই বাজারও। নর্দমা সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ, রবিবারের হাটে চাষিদের জন্য নির্দিষ্ট জায়গা, সোলার প্যানেলে আলো-বিদ্যুৎ এবং পৃথক স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।বর্জ্য ব্যবস্থাপনাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে পুরনিগমকে অর্থ দিয়ে বর্জ্য অপসারণ করতে হলেও নতুন পরিকল্পনায় বাজারের ভেতরেই জৈব সার তৈরির কেন্দ্র এবং প্লাস্টিক-থার্মোকলের মতো অজৈব বর্জ্য প্রক্রিয়াকরণের আলাদা প্লান্ট গড়া হবে।
দূরাগত ট্রাকচালক ও খালাসিদের বিশ্রামের জন্য বহুতল নির্মাণ এবং পাহাড়ের ফল ও দক্ষিণবঙ্গের সবজি সংরক্ষণে মাল্টিপারপাস কোল্ডস্টোরেজেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। যানজট এড়াতে একমুখী যাতায়াত ব্যবস্থারও প্রস্তাব রয়েছে।পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, পুজোর আগেই নাফেডের মাধ্যমে নাসিক থেকে আনা পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে খুচরো বাজারে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। একইভাবে পোস্তা-সহ কলকাতার বড় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর চিনির দামও নিয়ন্ত্রণে এসেছে, চলতি মাসেই উত্তরবঙ্গ-সহ রাজ্যজুড়ে চিনি ৫০ টাকা বা তার কমে মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এর আগে নকশালবাড়িতে সিএডিসি ফার্ম পরিদর্শন করেন মন্ত্রী দিলীপ ঘোষ।














