রাজ্য সরকার ও দলের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে দিল্লিতে বৈঠকে বসলেন পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসল এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় সূত্রের খবর, সরকার পরিচালনা ও সাংগঠনিক কাজকর্মের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়টি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রায় সাড়ে চার মাস কেটে গিয়েছে। এই সময়ে প্রশাসন এবং বুথ স্তরের কর্মীদের মধ্যে সাবলীল যোগাযোগ গড়ে তোলাই কেন্দ্রীয় নেতৃত্বের মূল অগ্রাধিকার বলে জানা যাচ্ছে।
দলকে বুথ স্তর থেকে পুনর্গঠনের গুরুদায়িত্ব রয়েছে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাঁধে, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে চ্যালেঞ্জ প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে দলীয় কর্মীদের সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত রাখা। কেন্দ্র, রাজ্য ও দলের মধ্যে সংযোগ সুদৃঢ় করার দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার।দলীয় সূত্র অনুযায়ী, সরকার ও শাসকদলের মধ্যে কোনওরকম সমন্বয়হীনতা যাতে তৈরি না হয়, সেটি নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়। পাশাপাশি দুর্গাপুজো মিটলেই রাজ্যে পুরসভা নির্বাচনের সম্ভাবনা প্রবল হয়ে ওঠায়, বৈঠকে সেই প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে খবর। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতা ও হাওড়া পুরসভার দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন হতে পারে।














