পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে রাজ্যের আরো ৭ লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে প্রাপক পিছু ৬০ হাজার টাকা করে মোট ৪ হাজার ২০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে আজ শুক্রবার নবান্ন সভাঘরের অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার অনুষ্ঠানে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নবান্ন সভাঘরে আয়োজিত এই সরকারি অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আবাস প্রকল্পের দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের কারও রেহাই নেই এবং সরকার প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বিগত সরকারের আমলে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল প্রায় ১৭ লক্ষেরও বেশি উপভোক্তাকে। কিন্তু রাজ্যে পালাবদলের পর বর্তমান সরকার সেই উপভোক্তাদের তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে গিয়ে চমকে ওঠার মতো তথ্যের হদিশ পায়। দেখা যায়, ওই তালিকায় প্রায় ৫৭ হাজার এমন ভুয়ো প্রাপকের নাম রয়েছে, যাঁদের বাস্তবে কোনও অস্তিত্বই নেই। এ ছাড়া আরও ১২ হাজার মানুষ সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন বলে ধরা পড়েছে। এই বিপুল অনিয়মের ইস্যুতেই তীব্র ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘর থেকে কড়া সুরে শুভেন্দু অধিকারী জানান, যে ৫৭ হাজার ভুয়ো প্রাপকের নাম তালিকায় ঢুকেছিল, তা কীভাবে সম্ভব হয়েছিল এবং এর নেপথ্যে কারা জড়িত রয়েছেন, তা খুঁজে বের করা হবে। কোনও সরকারি আধিকারিকও যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
বিগত সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ করা বাংলার বাড়ি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে কড়া অবস্থান নিল সরকার। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পের টাকা ভুয়ো উপভোক্তা বা প্রাপকদের কাছ থেকে ফেরাতে পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি নির্দেশ দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে টাকা না–ফেরালে জানুয়ারিতে সংশ্লিষ্টদের উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পের তথ্য যাচাই পর্বে ইতিমধ্যে রাজ্যে ১২ হাজারের বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে, যাঁরা কোনওভাবেই গ্রামীণ গরিব মানুষের জন্য আবাস যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। তাঁদের অনেকেরই নিজস্ব পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল জমানায় তাঁরা এক বা একাধিকবার টাকা তুলেছেন।
অনেকে টাকা নিয়ে বাড়ি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এ ভাবে অপচয় বা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিল। রাজ্য সরকার সদুত্তর দিতে না–পারায় ২০২২–এর ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অর্থ দেওয়া বন্ধ করেছিল কেন্দ্র। তৃণমূল সরকার তখন রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলার বাড়ি নামে একটি প্রকল্প ঘোষণা করে। রাজ্যের নিজস্ব কোষাগার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমপরিমাণ ১ লক্ষ ২০ হাজার টাকা বিলি করা হয়। রাজ্যে বিজেপি সরকার গড়ার পরে এই প্রকল্পের নাম বদলে রাখা হয় পশ্চিমবঙ্গ আবাস। কেন্দ্রীয় সরকারও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবার টাকা বরাদ্দ করেছে। গত ১৪ জুলাই নবান্নে এসে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন করে এক লক্ষ বাড়ির জন্য অর্থ মঞ্জুর করে যান।
পাশাপাশি কর্মসংস্কৃতি নিয়ে আগের সরকারকেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি দায়িত্ব নেওয়ার পর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা ও গ্রামীণ উন্নয়নকে। আমাদের রাজ্যে ছুটি ছুটি করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। আগের সরকার মনে করত ডিএ না দিয়ে ছুটি ছুটি দেব। তাহলে বেশি কাজ করতে হবে না।’ মুখ্যমন্ত্রী এদিন আবাস উপভোক্তাদের উদ্দেশ্যে জানান, ‘৪২০১ কোটি দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে দিলাম। অতিরিক্ত ৩০ হাজার টাকা পাবেন ভিবি জি রামজি-র কর্মদিবসের মাধ্যমে। আবাস উপভোক্তারা যাতে অল্প দামে বালি কিনতে পারে, ১২০০ টাকার বেশি বালি যাতে না হয়, সেটা জেলাশাসকদের দেখতে হবে। এখন যা রড – সিমেন্টের দাম হয়েছে এই বাস্তব বুদ্ধি আমাদের আছে এই টাকায় সম্ভব নয়, আমরা মানুষের সঙ্গে থাকি, গ্রাউন্ড রিয়ালিটিটা বুঝি আমরা।’














