আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই শুরু হবে ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা। দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করে তুলতে এবার বিশেষ আকর্ষণ হতে চলেছে হেলিকপ্টার পরিষেবা। নির্দিষ্ট ভাড়া দিয়ে টিকিট কাটলেই আকাশপথে সরাসরি পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে।
ফলে দীর্ঘ পথের যানজট ও যাতায়াতের ভোগান্তি এড়িয়ে অনেক কম সময়ে সাগরদ্বীপে পৌঁছনোর সুযোগ পাবেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সাগরমেলা অফিসে শুরু হয়েছে উচ্চপর্যায়ের প্রশাসনিক তৎপরতা। মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দপ্তরের সচিব ও পদস্থ আধিকারিকরা।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক তেওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মেলার নিরাপত্তা ব্যবস্থা, পুণ্যার্থীদের যাতায়াত, পরিবহণ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিপুল সংখ্যক মানুষের সমাগম সামাল দিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে হেলিকপ্টার পরিষেবা চালুর উদ্যোগ এবারের মেলায় নতুন মাত্রা যোগ করতে চলেছে। তবে পরিষেবার নির্দিষ্ট ভাড়া, সময়সূচি ও টিকিট বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। সব মিলিয়ে পুণ্যার্থীদের সুবিধা, নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এবারের গঙ্গাসাগর মেলায় আকাশপথের এই পরিষেবা কতটা জনপ্রিয় হয়, এখন সেটাই দেখার।














