ছটপুজো উপলক্ষে দুদিন মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কে উত্তপ্ত রামপুরহাট। ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানাতে শহরের নির্দিষ্ট এলাকার তিনটি মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রামপুরহাট পুরসভা। রবিবার ও সোমবার দোকান বন্ধ রাখার পাশাপাশি অন্যান্য দিন দোকানে প্রদর্শিত কাটা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
পুরসভার এই নির্দেশিকা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।পুরসভা সূত্রে জানা গিয়েছে, ছটপুজোর ধর্মীয় রীতিনীতি ও ব্রতীদের ভাবাবেগের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট তিন মাংস ব্যবসায়ীর হাতে পৌঁছে দেওয়া হয় পুরসভার নোটিস। তাতে স্পষ্ট জানানো হয়েছে, রবিবার ও সোমবার দোকান খোলা রাখা যাবে না। পাশাপাশি নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে মহকুমাশাসক এবং রামপুরহাট থানার আইসির কাছেও নোটিসের প্রতিলিপি পাঠানো হয়েছে।তবে পুরসভার এই সিদ্ধান্তকে ঘিরে আপত্তি তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানানো অবশ্যই জরুরি। কিন্তু সেই অজুহাতে কোনও ব্যবসায়ীকে দোকান বন্ধ রাখতে বাধ্য করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিরোধীদের অভিযোগ, এই ধরনের নির্দেশিকা মানুষের খাদ্যাভ্যাস এবং ব্যবসা করার স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হাসনের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ পুরসভার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, মানুষের জন্য সরকারের সামনে একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। সেগুলির সমাধানে উদ্যোগী না হয়ে কে কী খাবেন, কীভাবে চলবেন, তা নিয়ে নির্দেশিকা জারি করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।একইভাবে সরব হয়েছেন সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ। তাঁর অভিযোগ, মানুষের মৌলিক সমস্যাগুলিকে গুরুত্ব না দিয়ে এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপ কোনওভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে, পুরসভার সিদ্ধান্তের পক্ষেই সওয়াল করেছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।
তাঁর বক্তব্য, ছটপুজোয় বহু মানুষ নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন। তাঁদের ধর্মীয় বিশ্বাস ও ভাবাবেগের প্রতি সম্মান জানানো প্রয়োজন। সেই বিষয়টি মাথায় রেখেই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে।উল্লেখ্য, গত বছর ছটপুজোকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের আসানসোলেও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এবার একই ধরনের সিদ্ধান্ত রামপুরহাটে কার্যকর হওয়ায় সেই বিতর্ক নতুন করে সামনে এল।একদিকে ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানানোর যুক্তি, অন্যদিকে ব্যবসায়িক স্বাধীনতা ও খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের অভিযোগ—দুইয়ের টানাপোড়েনে ছটপুজোর আগেই সরগরম রামপুরহাটের রাজনৈতিক মহল।














