সীমান্তে টহল দেওয়ার সময় অসাবধানতাবশত বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়লেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান। এরপরই তাঁকে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তৎপরতা শুরু হয়েছে। আটক জওয়ানকে দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ফ্ল্যাগ মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভিতরে ওই বিএসএফ জওয়ানকে আটক করা হয়।
সীমান্তে টহল দেওয়ার সময় তিনি অজান্তেই আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের এলাকায় ঢুকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। এরপর বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন। বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, আটক বিএসএফ জওয়ানকে বিজিবির বিছানাকান্দি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। জওয়ানকে ভারতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে।
ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, বিএসএফও দ্রুত ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তার দায়িত্ব পালন করে বিএসএফ। সীমান্তে টহলের সময় ভুলবশত এক দেশের নিরাপত্তারক্ষীর অন্য দেশের ভূখণ্ডে প্রবেশের ঘটনা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে মেটানো হয়ে থাকে। বিছানাকান্দির এই ঘটনায়ও ফ্ল্যাগ মিটিংয়ের দিকেই তাকিয়ে রয়েছে দুই দেশের সংশ্লিষ্ট মহল।














