Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নাগরাকাণ্ডে কাউকে রেয়াত নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শঙ্কর ঘোষের সঙ্গে আইজির বৈঠক

নাগরাকাণ্ডে কাউকে রেয়াত নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শঙ্কর ঘোষের সঙ্গে আইজির বৈঠক

২০২৫ সালের ভয়াবহ বন্যার সময় নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার ফাইল পুনরায় খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরদিনই বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে পর্যটনমন্ত্রী তথা বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন। প্রায় এক ঘণ্টার এই বৈঠক ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

 

বুধবার আলিপুরদুয়ারে বীরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই নাগরাকাটা হামলা মামলার প্রসঙ্গ তুলে তিনি তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান, বন্যার সময় ত্রাণ দিতে গিয়ে যেভাবে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা হয়েছিল, সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। উত্তরবঙ্গের আইজিকে নির্দেশ দিয়ে তিনি বলেন, এই ঘটনায় জড়িত কোনও অভিযুক্ত যেন ছাড় না পায়। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরদিনই শিলিগুড়ি পুরনিগমে শঙ্কর ঘোষের সঙ্গে বৈঠকে বসেন উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন। বৈঠকে উপস্থিত ছিলেন পুর প্রশাসক আর বিমলাও। প্রায় এক ঘণ্টা ধরে চলে আলোচনা।

 

যদিও বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে, তা প্রকাশ্যে জানানো হয়নি। তবে নাগরাকাটা হামলা মামলার তদন্তের অগ্রগতি এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে শঙ্কর ঘোষ বলেন, গত ১৫ বছরে বিভিন্ন ঘটনায় যাঁরা অপরাধ করেও শাস্তি পাননি, তাঁদের এবার আইনের মুখোমুখি হতে হবে। একজন সাংসদ ও একজন বিধায়কের উপর হামলার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। তাঁর বক্তব্যে স্পষ্ট, নাগরাকাটা হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরকার কঠোর অবস্থান নিতে চলেছে। অন্যদিকে, উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন জানান, নাগরাকাটা হামলা মামলার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

 

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুরনো মামলার নথি খতিয়ে দেখা এবং ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা যাচাই করার বিষয়টি তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার সময় নাগরাকাটায় দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন তাঁরা। হামলায় গুরুতর জখম হন খগেন মুর্মু। তাঁর নাকের হাড় ভেঙে যায়। তাঁদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিল্লির এইমসেও স্থানান্তরিত করা হয়েছিল। শঙ্কর ঘোষও ওই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে হামলায় মদত দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। মামলা দায়ের হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ওঠে। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই মামলার তদন্ত ফের শুরু হওয়ায় নতুন করে আশার কথা জানাচ্ছেন আক্রান্ত নেতারা। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

READ MORE.....