ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) চতুর্থ মরসুমের নিলামে দল গোছানো শেষ করল টাইগার্স অফ কলকাতা। রজত মুন্ধেকে ১৫.০৫ লক্ষ টাকায় এবং কৃষ্ণ গাওয়ালিকে ১৪.৭৫ লক্ষ টাকায় কিনেছে তারা। প্রথম আসরের চ্যাম্পিয়নরা এ বার আবার খেতাবের দৌড়ে নামতে চায়। নিলামে মোট সাত জনকে নিয়েছে টাইগার্স। তার মধ্যে রয়েছেন অনূর্ধ্ব-১৯ অলরাউন্ডার আমে জিতেন্দ্র লাড। আগেই রিটেন করা ব্যাটার সাইফ আলি (সাগর আলি নামেও পরিচিত)-কে ধরে দলে এখন আট জন।
অলরাউন্ডার পরিবেশ ধর ও দর্শন বান্দেকর, ব্যাটার পবন কেনে এবং বোলার বিবেক শেলারকে ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) ব্যবহার করে ধরে রাখা হয়েছে। গাওয়ালিকেও আরটিএম কার্ডেই নেওয়া। দলের মালিক অক্ষা কম্বোজ ও অ্যাসপেক্ট স্পোর্টস, সহ-মালিক সাইফ আলি খান ও করিনা কাপুর খান। তৃতীয় মরসুমে রানার্স-আপ হওয়া দল চতুর্থ মরসুমে আরও আত্মবিশ্বাসী।
ধারাবাহিকতাই তাদের কৌশলের মূল কথা। তৃতীয় মরসুমের সেরা ব্যাটার এবং লিগের সর্বকালের সর্বোচ্চ রানদাতা সাইফ আলিকে ধরে রেখেছে তারা। প্রথম আসরে খেতাব-জয়ী অধিনায়ক প্রথমেশ পাওয়ারকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে দল। অ্যাসপেক্ট গ্লোবাল ভেঞ্চারস ইন্ডিয়ার গ্রুপ চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর অক্ষা কম্বোজ বলেন, গত মরসুমে ফাইনালে পৌঁছনো আমাদের উচ্চাকাঙ্ক্ষা আরও ধারালো করেছে। চতুর্থ মরসুমে আমরা ফের ট্রফির জন্য লড়তে চাই, আর তার জন্য দরকার স্পষ্ট সিদ্ধান্ত, শৃঙ্খলাবদ্ধ প্রস্তুতি এবং এমন দল, যার শক্তিগুলি একে অন্যের পরিপূরক।













