হাতে টাকা আসছে, অথচ মাস ফুরোবার আগেই পকেট শূন্য? অকারণ এটা ওটা খরচ বাড়ছে? যতবার হিসেব করে এগোবার চেষ্টা করেন, ততবারই খরচের পরিমাণ আরও বেড়ে যায়? বাস্তুশাস্ত্র বলছে, সংসারের আর্থিক সচ্ছলতা অনেকটাই নির্ভর করে রান্নাঘরের হালচালের উপর। অনেক সময় অজান্তেই রান্নাঘরের কয়েকটি ভুল তার নেপথ্যে থাকে। বাস্তু মতে এমন কিছু অভ্যাস বা জিনিস রয়েছে, যা বাড়ির আর্থিক সমৃদ্ধিতে বাধা দেয়। কারণ রান্নাঘর শধুমাত্র আমাদের খাবারের জায়গা নয়। তার চেয়েও বেশি কিছু। বাস্তু বিচারে, বাড়ির সুখ-স্বাচ্ছন্দ্য নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি।
১. সারা রাত মাখা আটা রান্নাঘরে বাসন চাপা দিয়ে ফেলে রেখেছেন? বাস্তু মতে, মাখা আটা রাতভর রেখে দিলে নেতিবাচক শক্তি বাড়ে। এতে লক্ষ্মীর অসন্তোষ তৈরি হতে পারে। আর্থিক টানাপোড়েন দেখা দেয়। তাই, অহেতুক রান্নাঘরে মাখা আটা চাপা দিয়ে রাখবেন না। প্রয়োজনে তা ফ্রিজে ঢোকান।
২. রান্নাঘরে জঞ্জাল জমতে দেওয়া অনুচিত। দীর্ঘদিন আবর্জনা জমে থাকলে শুভ শক্তি কমে। অর্থনৈতিক সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। ডাস্টবিন রাখলে তা ঢেকে রাখুন। রোজ পরিষ্কার করুন।
৩. ভাঙা বা ফাটা বাসন জমিয়ে রাখবেন না। কাপ, প্লেট বা গ্লাস ভেঙে গেলে তা সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্রে ভাঙা বাসন দারিদ্র্যের ইঙ্গিত দেয়। এতে সংসারের উন্নতি থমকে যেতে পারে।
৪. হেঁশেলে ওষুধ রাখা শুভ নয়। আলমারি বা ফ্রিজের পাশে ওষুধ রাখলে অসুস্থতা বাড়তে পারে। বাড়ে চিকিৎসার খরচও। ওষুধের জন্য আলাদা জায়গা করুন।
৫. রান্নাঘরে গ্যাস ওভেনের ঠিক সামনে আয়না লাগাবেন না। এক্ষেত্রে বাস্তুর সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। গ্যাসের সামনে আয়না থাকলে আর্থিক স্থিতি নষ্ট হতে পারে। সুখ-শান্তিতেও প্রভাব পড়ে।
৬. বেসিনে এঁটো বাসন ফেলে রাখবেন না। বিশেষ করে ডিনারের পর সারারত ধরে এঁট বাসন ফেলে রাখা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। সংসারের আয় ও সঞ্চয় কমতে থাকে। তাই ঘুমোতে যাওয়ার আগে বাসন ধুয়ে নিন। রান্নাঘর পরিষ্কার করে রাখুন।
কী কী মাথায় রাখবেন?
বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে বাড়ির সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। পরিচ্ছন্ন ও গোছানো রান্নাঘর বাস্তুর জন্য শুভ। চাল-ডাল রাখার পাত্র পুরোপুরি শূন্য হতে দেবেন না। দক্ষিণ-পূর্ব দিক রান্নাঘরের জন্য শুভ বলে ধরা হয়। রান্নার সময় পূর্ব দিকে মুখ রাখুন। গ্যাস ও জলের সিঙ্কের মাঝে দূরত্ব বজায় রাখুন। বাসি খাবার জমিয়ে রাখবেন না।














