সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তাই অনেক মহিলার কাছে হয়ে উঠেছে বাড়তি ভরসা। কারও কাছে এই টাকা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার সহায়, আবার কারও কাছে মাসের শেষদিকে সংসারের খরচ সামলানোর অন্যতম অবলম্বন। রাজ্য সরকারের এই আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এবার পথে নামলেন দুর্গাপুরের মহিলারা। মহিলাদের নিয়ে দুর্গাপুরের ইস্পাতনগরীতে পদযাত্রার আয়োজন করে বিজেপি।
পদযাত্রায় অংশ নেওয়া মহিলাদের দাবি, সংসার চালাতে প্রতিদিনই নানা আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাঁদের। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি থেকে শুরু করে পরিবারের ছোট-বড় বিভিন্ন খরচ—সবকিছু সামলাতে গিয়ে অনেক সময়ই সমস্যায় পড়তে হয়। অংশগ্রহণকারী মহিলাদের বক্তব্য, এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা তাঁদের সংসারে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ায় দৈনন্দিন প্রয়োজন মেটাতে সুবিধা হচ্ছে বলেও দাবি তাঁদের। তাঁদের কথায়, সংসারের নানা প্রয়োজনে এই আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই তাঁরা একত্রিত হয়ে পদযাত্রায় অংশ নিয়েছেন।














