Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আবাস দুর্নীতিতে ৫৭ হাজার ভুয়ো নাম, সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর

আবাস দুর্নীতিতে ৫৭ হাজার ভুয়ো নাম, সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর

আবাস প্রকল্পে সরকারি অর্থের অপব্যবহার রুখতে এ বার সরাসরি তদন্তের পথে হাঁটল রাজ্য সরকার। সমীক্ষায় ৫৭ হাজার এমন উপভোক্তার নাম সামনে এসেছে, যাঁদের বাস্তবে কোনও অস্তিত্ব নেই বলে অভিযোগ। মৃত কিংবা অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে কী ভাবে সরকারি টাকা তোলা হল, তা খতিয়ে দেখতে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, নিয়মবহির্ভূত ভাবে আবাসের টাকা পাওয়া ব্যক্তিদের ৩০ নভেম্বরের মধ্যে অর্থ ফেরানোর সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে সংশ্লিষ্টদের।

 

শুক্রবার নবান্নে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাজ্যের ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪২০০ কোটি টাকার বেশি পাঠানো হয়। প্রকৃত উপভোক্তাদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি, তালিকায় অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানও স্পষ্ট করেন শুভেন্দু।

 

প্রশাসনিক অনুসন্ধানে আরও ১২ হাজার উপভোক্তার নাম পাওয়া গিয়েছে, যাঁরা সরকারি নিয়মে বাড়ি পাওয়ার যোগ্য নন। অথচ তাঁদের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এঁদের মধ্যে এক হাজার জন অর্থ ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার জনকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা অবিলম্বে ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিয়ে সম্ভাব্য আইনি জটিলতা থেকে নিজেদের মুক্ত করুন। এই টাকা আমরা আপনাদের কাছে রাখতে দেব না। তবে ৫৭ হাজার অস্তিত্বহীন উপভোক্তার বিষয়টি আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে। কারা তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন, কোন স্তরে যাচাইয়ে গাফিলতি হয়েছিল এবং কী ভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা পৌঁছল, তা তদন্ত করে দেখা হবে।

 

শুভেন্দুর কথায়, এদের অ্যাকাউন্টে কী ভাবে ৬০ হাজার টাকা চলে গেল, জনগণের টাকা, সরকারের টাকা, এটা দেখতে হবে আমাদের। প্রয়োজনে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। সরকারি কর্মীদের যোগসাজশ বা দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। দুর্নীতি মোকাবিলায় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি গঠনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিষ্ক্রিয় হয়ে থাকা রাজ্য দুর্নীতি দমন শাখাকে (এসিবি) পুনরায় সক্রিয় করা হয়েছে। অন্য দিকে, বাড়ি তৈরির কাজে উপভোক্তাদের অতিরিক্ত সহায়তার কথাও ঘোষণা করেছে সরকার।

 

৯০ থেকে ৯৫ দিনের কাজের মজুরি বাবদ প্রায় ৩০ হাজার টাকা এবং শৌচালয়ের জন্য ১২ হাজার টাকা মিলবে। সব মিলিয়ে আর্থিক সহায়তা দাঁড়াবে প্রায় দেড় লক্ষ টাকা। ইট-বালির দাম নিয়ন্ত্রণে জেলাশাসকদের নজরদারি এবং ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে বালি পাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের আওতায় এনে সৌরবিদ্যুতের সুবিধা দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি ভুয়ো নামের পিছনে থাকা চক্রকে চিহ্নিত করাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।

READ MORE.....