Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ছটে ঘরমুখো বহু, চাপে হাওড়া স্টেশন

ছটে ঘরমুখো বহু, চাপে হাওড়া স্টেশন

ছটপুজোকে কেন্দ্র করে ঘরে ফেরার ঢল নেমেছে হাওড়া স্টেশনে। শুক্রবার সকাল থেকেই দূরপাল্লার ট্রেন ধরতে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিহার, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য যেমন বহু মানুষ স্টেশনে হাজির হয়েছেন, তেমনই ভিনরাজ্যে কর্মরত বাংলার বাসিন্দাদের একাংশও উৎসবের ছুটিতে ফিরছেন নিজের বাড়িতে

 

। এই বাড়তি চাপ সামলাতে নভেম্বর মাস জুড়ে ৯৮৪টি বিশেষ ট্রেনের যাত্রার ব্যবস্থা করেছে রেল। রেল সূত্রে খবর, বিশেষ ট্রেনগুলির মধ্যে ৬৬২টি সংরক্ষিত এবং ৩২২টি অসংরক্ষিত পরিষেবা। এর মধ্যে ৫০৬টি ট্রেনের যাত্রার আয়োজন করেছে পূর্ব রেল। অন্য রেল জোন থেকে আসা অথবা পূর্ব রেলের এলাকা দিয়ে চলাচল করা ট্রেনের সংখ্যা ৪৭৮। কলকাতা অঞ্চলের হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন মিলিয়ে ৪০৯টি বিশেষ ট্রেনের যাত্রা নির্ধারিত হয়েছে। যাত্রীদের ভিড় সামলানোর পাশাপাশি দীর্ঘ অপেক্ষার সময়ে তাঁদের সুবিধার দিকেও নজর দিয়েছে রেল। হাওড়া স্টেশনের দু’টি প্ল্যাটফর্মে কার্পেট পেতে বসার জায়গা তৈরি করা হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে যাঁরা ট্রেনের জন্য অপেক্ষা করছেন, তাঁদের কিছুটা স্বস্তি দিতেই এই ব্যবস্থা।

 

কোন দিন কোন গন্তব্যে বিশেষ ট্রেন ছাড়বে, তার তালিকা স্টেশনের বড় পর্দায় দেখানো হচ্ছে। মাইকে নিয়মিত ঘোষণা করা হচ্ছে ট্রেনের সময় এবং প্ল্যাটফর্মের তথ্য। নিরাপত্তার জন্য স্টেশন চত্বরে রেল সুরক্ষা বাহিনী ও অন্য কর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভির মাধ্যমে সারাক্ষণ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পূর্ব রেলের সদর দফতর এবং ডিভিশন স্তরে খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। সেখান থেকে ট্রেনের চলাচল, সময়ানুবর্তিতা এবং বিভিন্ন স্টেশনের ভিড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। উৎসবের সময়ে ট্রেনে বাড়তি যাত্রীর চাপ নতুন নয়। তবে শুধু বিশেষ ট্রেন বাড়ালেই যে ভিড়ের সমস্যা মেটে না, তা স্টেশনের পরিস্থিতি থেকেই স্পষ্ট। ট্রেনের সময়সূচি মেনে চলা, প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করাই এখন রেলের কাছে বড় পরীক্ষা।

READ MORE.....