:রাস্তায় ঘুরে কাজ করার পাশাপাশি এবার দফতরে বসে প্রশাসনিক কাজে আরও বেশি মন দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে এই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। দুই মন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ই তাঁদের দফতরে বসে নিয়মিত কাজ করার নির্দেশ দেন তিনি।মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই অগ্নিমিত্রা পালকে কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পরিদর্শন করতে দেখা গিয়েছে।
রাস্তার অবস্থা, বেআইনি পার্কিং, ফুটপাথ ব্যবহার থেকে শুরু করে শহরের পরিচ্ছন্নতা বিভিন্ন বিষয়ে সরেজমিনে নজর দিয়েছেন তিনি। তাঁর এই সক্রিয়তা যেমন প্রশংসা পেয়েছে, তেমনই কয়েকটি ঘটনাকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। ফুটপাথে এক মহিলার শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিমিত্রার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরে দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন পুরমন্ত্রী।অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কেও বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করতে দেখা গিয়েছে। সেখানেও নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।














