জায়গা জমি নিয়ে বিবাদের জের এক ব্যক্তিকে লক্ষ্মী পূজার রাতে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল এলাকার কয়েকজনের বিরুদ্ধে! জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম প্রহ্লাদ পরামানিক। বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামে। বাড়ি থেকে কিছুটা দূরে রবিবার দিন কোজাগরি লক্ষ্মী পূজার রাতে তিনি আর পাঁচটা দিনের মতনই মাঠে শ্যালো মেশিন চালানোর জন্য গিয়েছিলেন।
দীর্ঘক্ষণ অতিক্রান্ত হয়ে যাওয়াতে তিনি বাড়ি না ফেরায়, তার ফোনে ফোন করেন পরিবারের লোকেরা। দীর্ঘক্ষণ ধরে তিনি ফোন না তোলায়, মৃত স্ত্রী ও তার মেয়ে রাতেই এলাকার জমিতে টর্চ নিয়ে খুঁজতে গেলে, জমি থেকে কিছুটা দূরে একটি জায়গায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পায় তার পরিবার-পরিজনেরা।
তখনই মৃত্যুর আগে রক্তাক্ত অবস্থায় আহত ওই ব্যক্তি জানায়, ধরমপুর এলাকার কয়েকজন ব্যক্তির নামের কথা। কাটোয়া মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। সোমবার পূর্বস্থলী থানায় উপস্থিত হয়ে মৃতের পরিজনেরা জানান, জায়গা জমি নিয়ে একটি বিবাদ ছিল, যদিও তা মিটেও গিয়েছিল। এরপর কয়েকজন তারপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপায় বলে অভিযোগ। এরপরই তার মৃত্যু হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।














