কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন রূপে ফেরানোর দাবি তুলে রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। শুধু ট্রাম পরিষেবা পুনরায় চালু করাই নয়, শহরের গণপরিবহণকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে শিল্প, কর্মসংস্থান এবং ঐতিহ্য রক্ষাকে বিজেপির উন্নয়ন ভাবনার সঙ্গে যুক্ত করেছেন তিনি। অর্জুন সিং পোস্টে লেখেন, ‘ঐতিহ্যের পথে আধুনিকতার যাত্রা— ফিরছে কলকাতার ট্রাম’। তাঁর দাবি, ট্রাম পরিষেবাকে নতুনভাবে গড়ে তুলতে রাইটস-কে একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে বর্তমানে থাকা ট্রাম রুটগুলিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত করে ফের চালু করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ট্রাম পরিষেবা সল্টলেক ও নিউ টাউন পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি কালিঘাট ও দক্ষিণেশ্বরকে ট্রাম নেটওয়ার্কের আওতায় আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ, শুধুমাত্র পুরনো ট্রাম ফিরিয়ে আনা নয়, শহরের নতুন অংশগুলিকেও এই পরিষেবার সঙ্গে যুক্ত করার ভাবনা রয়েছে বলে দাবি করেছেন তিনি। রাজনৈতিক বার্তাও স্পষ্ট করেছেন পরিবহনমন্ত্রী। তিনি লেখেন, ‘শিল্পের পুনর্জাগরণ, কর্মসংস্থানের বিস্তার— এটাই বিজেপির অঙ্গীকার’। আরও বলেন, ‘বিজেপি মানেই ঐতিহ্যের সম্মান, উন্নয়নের দিশা’।
একই বার্তা তিনি বাংলার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ করেছেন। সেখানে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং ঐতিহ্য সংরক্ষণকে সমান গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়েছে। একসময় কলকাতার পরিচয়ের অন্যতম প্রতীক ছিল ট্রাম। কিন্তু গত কয়েক বছরে একের পর এক রুট বন্ধ হওয়ায় সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই প্রেক্ষাপটে ট্রামকে আধুনিক রূপে ফিরিয়ে আনার এই ঘোষণা শুধু পরিবহণ নয়, শহরের ঐতিহ্য, নগর পরিকল্পনা এবং রাজনৈতিক প্রতিশ্রুতিকেও নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে এই প্রকল্পের বাস্তবায়নের সময়সূচি বা আর্থিক কাঠামো সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।













