বিরিয়ানির মাংসে অস্বাভাবিক বস্তু পাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাবড়ায়। স্থানীয় একটি রেস্তোরাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অশোকনগরের বাসিন্দা অরিন্দম বর্ধন। অভিযোগ, হাবড়ার ‘অবসর’ নামের একটি রেস্তোরাঁয় মাটন বিরিয়ানি খেতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়েন তিনি। নিয়মিত ওই রেস্তোরাঁয় যাতায়াত থাকলেও, এদিন খাবার পরিবেশন হওয়ার পর মাংসে কামড় দিতেই অস্বাভাবিক কিছু নজরে আসে বলে দাবি তাঁর।
ক্রেতার অভিযোগ, মাংসের ভিতরে লার্ভা বা ডিমের মতো কিছু দেখতে পান তিনি, যার ফলে খাবারটি আর খেতে পারেননি। বিষয়টি সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানালে তাদের তরফে জানানো হয়, সেটি নাকি মাংসের স্বাভাবিক অংশ এবং এমন ঘটনা ঘটতেই পারে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অরিন্দমবাবু। তাঁর দাবি, দীর্ঘদিন মাংস সংরক্ষণ করার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।
ঘটনার পর তিনি প্রশাসনের দ্বারস্থ হন। ইতিমধ্যেই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের বদনাম করার উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হয়েছে। এখন এই ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং সংশ্লিষ্ট রেস্তোরাঁয় তদন্ত হয় কি না, সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের।














