যাদবপুরের প্রাক্তন বিধায়ক ও মেয়র পারিষদ দেবব্রত (মলয়) মজুমদার এবং ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা ঘোষের বাড়িতে শনিবার সন্ধ্যায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল। মলয় মজুমদার মমতাপন্থী হিসেবে পরিচিত। তাঁর অভিযোগ, ৩/১১ বিজয়গড়ে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। প্রাক্তন বিধায়কের দাদা ও বউদিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।মলয় মজুমদারের অভিযোগ, বিজেপি নেতা অনুপম তালুকদার ও সজল বসুর নেতৃত্বেই হামলা চালানো হয়েছে।
পুরভোট না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত এলাকায় তৃণমূলের পার্টি অফিস খোলা যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।অন্য দিকে, সীমা ঘোষের বাড়িতে ঢুকে তৃণমূলের মহিলা কর্মীদের মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। আনন্দপল্লি, বিজয়গড়, বাঘাযতীন ডি ব্লক-সহ চারটি তৃণমূল কার্যালয়ে প্রথমে ভাঙচুর এবং পরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
হামলাকারীরা পুরভোট পর্যন্ত ঘর থেকে না বেরোনোর হুমকি দিয়েছে বলেও দাবি।সীমা ঘোষের অভিযোগ, বিজেপি বা রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ না খোলার পাশাপাশি অবিলম্বে এলাকা ছাড়ার জন্যও হুমকি দেওয়া হয়েছে।যদিও বিজেপির দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। তাদের বক্তব্য, জনরোষ থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগগুলির স্বাধীন ভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।














