রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ করল নবান্ন। রাজ্যের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি এবং পেনশন-সহ নানা অবসরকালীন সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের লক্ষ্যে সংগঠন ও ব্যক্তিগত পর্যায় থেকে মতামত চেয়েছে সপ্তম পে কমিশন।অনলাইনে মতামত ও লিখিত স্মারকলিপি জমা নেওয়ার জন্য ইতিমধ্যেই নামে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে।
কমিশন স্পষ্ট করে জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কেবল এই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই সব ধরনের পরামর্শ ও প্রস্তাব জমা দেওয়া যাবে। ই-মেল, ডাক মারফত পাঠানো কাগজ বা অন্য কোনও হার্ডকপি এবং সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না। গত ২২ জুলাই রাজ্য সরকারের তরফে ২৬৫৭-এফ(পি১) নম্বরের রেজোলিউশনের মাধ্যমে সপ্তম বেতন কমিশন গঠনের সরকারি রেজোলিউশন জারি করা হয়েছিল।
এরপরই এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করে সর্বসাধারণ ও সরকারি কর্মীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার প্রক্রিয়া শুরু করল কমিশন।জানা গিয়েছে, সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সংগঠন, অ্যাসোসিয়েশন এবং দফতরের পাশাপাশি কোনও কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীও ব্যক্তিগত ভাবে তাঁদের মতামত ও প্রস্তাব কমিশনের কাছে জানাতে পারবেন নির্দিষ্ট মডিউলের মাধ্যমে।সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিন ধরে বকেয়া সুবিধা ও নতুন বেতন কাঠামোর আশায় থাকা রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা কিছুটা হলেও আশার আলো দেখছেন।














