Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তালিকায় বাবার নামে গরমিল শুনানিতে তলব ‘চাকদহ এক্সপ্রেস’

তালিকায় বাবার নামে গরমিল শুনানিতে তলব ‘চাকদহ এক্সপ্রেস’

শামি-মেহতাবের পর এবার নাগরিকত্ব যাচাইয়ের জাঁতাকলে ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী। বাবার নামের বানানে অসংগতির জেরে ‘চাকদহ এক্সপ্রেস’ এবং তাঁর দুই ভাইবোনকে এসআইআর শুনানিতে তলব করল কমিশন। তবে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়েও বাড়ি থেকেই ডিজিটাল মাধ্যমে বিষয়টির সমাধান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

কমিশন সূত্রে খবর, ঝুলন ও তাঁর পরিবারের জমা দেওয়া নথিতে বাবার নাম কোথাও ‘নিশীথ রঞ্জন গোস্বামী’ আবার কোথাও ‘নিশীথ গোস্বামী’ লেখা রয়েছে। এই বিভ্রান্তি কাটাতেই গত ২৭ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছিল। কমিশনের এক আধিকারিক জানান, ঝুলনকে সশরীরে হাজির হতে হয়নি। তিনি ঘরোয়াভাবেই সমস্যার সমাধান করেছেন। তবে তাঁর দুই ভাইবোন স্থানীয় একটি স্কুলে আয়োজিত শুনানিতে সশরীরে উপস্থিত ছিলেন।

এই ইস্যুতেই কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝুলনকে ‘ভারতের গর্ব’ বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে এক্স হ্যান্ডেলে তৃণমূল লিখেছে, সেই একই আইকনকে এখন তাঁর বাবার নাম সংক্রান্ত একটি সামান্য কারণে তিনি ভারতীয় কি না, তা প্রমাণ করতে হচ্ছে! শাসক শিবিরের অভিযোগ, বিজেপি দেশের নায়কদের নিয়ে প্রচার করে শেষে তাঁদেরই অপমান করছে। তৃণমূলের দাবি,যে রাজনৈতিক দল ঝুলন গোস্বামীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে, তারা সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়েছে।

প্রসঙ্গত, ভারতের হয়ে ১২টি টেস্ট, ২০৪টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলা ঝুলন বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। কদিন আগেই মহম্মদ শামি একই কারণে শুনানিতে হাজির হয়েছিলেন। ফুটবলার মেহতাব হোসেনকেও ১ ফেব্রুয়ারি তলব করা হয়েছে। একের পর এক ক্রীড়া ব্যক্তিত্বকে এভাবে কাঠগড়ায় তোলা নিয়ে রীতিমতো সরগরম ময়দান থেকে সংসদ।

READ MORE.....