নয়াদিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে মাদকের উদীয়মান হুমকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ করতে সম্মত হয়েছে ভারত ও আমেরিকা। মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় মাদকবিরোধী সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, ২-৩ নভেম্বর তারা ভারত-আমেরিকা ড্রাগ পলিসি এক্সিকিউটিভ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠকের আয়োজন করেছিল। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এনসিবির ডিরেক্টর জেনারেল (ডিজি) অনুরাগ, আমেরিকার পক্ষে ছিলেন অফিস অব ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসির (ওএনডিসিপি) অন্তর্বর্তী ডেপুটি ডিরেক্টর ডেবি সেগুইন। বিবৃতি অনুযায়ী, ভারত-আমেরিকা ড্রাগ পলিসি ফ্রেমওয়ার্কের শর্তাবলি মেনে বৈঠকে অবৈধ মাদক পাচার রোধে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করা হয়েছে।
গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ, প্রিকার্সর নিয়ন্ত্রণ, ওষুধ সরবরাহ শৃঙ্খলের অখণ্ডতা এবং মাদকের চাহিদা কমানো, এই ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “বৈঠকে নিরবচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক যোগাযোগ, সময়মতো গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং সমন্বিত পদক্ষেপের গুরুত্বের উপরে জোর দেওয়া হয়েছে, যাতে মাদকের উদীয়মান হুমকি মোকাবিলা করা যায় ও চাহিদা কমানো যায়।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নির্দিষ্ট বিষয়ে সেরা অভিজ্ঞতা আরও ভাগ করে নিতে দু’পক্ষই সম্মত হয়েছে।”
এনসিবির ডিজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে তৈরি ভারতের ‘ভিশন রোডম্যাপ ২০২৬-২০২৯’ তুলে ধরেছেন। ওএনডিসিপি-র ডিরেক্টর সারা কার্টার বলেন, “আন্তঃদেশীয় মাদক পাচারচক্র ভেঙে দিতে এবং সিন্থেটিক মাদক ও রাসায়নিক প্রিকার্সর বিশ্ববাজারে ঢুকে পড়া আটকাতে এক্সিকিউটিভ ওয়ার্কিং গ্রুপ এবং আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সের্গিও গোর বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, নিজেদের মানুষকে সুরক্ষিত রাখার শুরু সীমান্ত সুরক্ষিত করা এবং উৎসেই অবৈধ মাদকচক্রের রসদ কেটে দেওয়া থেকে।”
গোরের কথায়, “ভারত ও আমেরিকা শুধু সহযোগিতা নিয়ে কথা বলছে না, আমরা বাস্তব কার্যকর ফল দিচ্ছি, অবৈধ প্রিকার্সর রাসায়নিকের সরবরাহ বন্ধ করছি, বাণিজ্যিক সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করছি এবং যে কার্টেলগুলি এগুলির অপব্যবহার করে, সেগুলি ভেঙে দিচ্ছি।” তিনি বলেন, দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই গতি ও আস্থার সঙ্গে সমন্বয় করলে আমেরিকান ও ভারতীয়, উভয় পরিবারকেই রক্ষা করা যায়।














