দার্জিলিঙে টয়ট্রেন সফরে সস্ত্রীক দিলীপ। সফরে কী বার্তা দিলেন দিলীপ? মন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষজনও উৎফুল্ল। উত্তরবঙ্গে পর্যটনের প্রচার এবং কার্শিয়াংয়ে অনুষ্ঠিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন উপলক্ষে কার্শিয়াংয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ শনিবার সস্ত্রীক টয়ট্রেনে কার্শিয়াং থেকে টুং পর্যন্ত সফর করলেন।
ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধনের পর মন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে নিয়ে টয়ট্রেন সফরে বের হন। মন্ত্রীকে সস্ত্রীক ট্রেনের যাত্রী হতে দেখে সাধারণ পর্যটকরা তো বটেই। বাইরে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দারা বিরল মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ভিড় করেছেন। রেলকর্তারা জানান, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর এদিনের টয়ট্রেন যাত্রার উদ্দেশ্য ছিল উত্তরের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা এবং দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করা। দিলীপ ঘোষ বলেন, “পাহাড়ে পর্যটকদের সংখ্যা বাড়লে হোম-স্টে, হোটেল এবং পরিবহন ব্যবসা বাড়বে।
পাশাপাশি পাহাড়ের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।” রেল সূত্রে জানা গিয়েছে, ব্যতিক্রমী চলচ্চিত্র উৎসবে স্টেশনের ক্যাফে এবং টয়ট্রেনের কোচের ভেতরেও চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। টয়ট্রেনে ভ্রমণের পর তৃণমূল কংগ্রেস আমলের পাহাড়ের পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েও সরব হন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, পাহাড়ের বহু মানুষ এখনও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। পঞ্চায়েত ব্যবস্থারও অভাব রয়েছে।













