Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নন্দীগ্রামে সেবাশ্রয়ে মানুষের ঢল, কৃতজ্ঞতা জানিয়ে বার্তা অভিষেকের

নন্দীগ্রামে সেবাশ্রয়ে মানুষের ঢল, কৃতজ্ঞতা জানিয়ে বার্তা অভিষেকের

গত সপ্তাহ থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুরু হওয়া ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে অভূতপূর্ব সাড়া মিলেছে। নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকে একযোগে চলছে এই শিবির। প্রতিদিনই সকাল থেকে শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। সূত্রের খবর, মাত্র সাত দিনের মধ্যেই প্রায় ১৮ হাজারের বেশি মানুষ এই স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিয়েছেন।
সেবাশ্রয় শিবিরে সাধারণ চিকিৎসার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে। সবটাই সম্পূর্ণ বিনামূল্যে। এই সাড়া পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, নন্দীগ্রাম থেকে যে ভালোবাসা ও বিশ্বাস পাওয়া যাচ্ছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্য বলেও উল্লেখ করেন।
অভিষেক জানান, আগামীকাল একদিন বিরতি থাকলেও ৩১ জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামে সেবাশ্রয় শিবির চলবে। পাশাপাশি তিনি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান, যাঁদের নিরলস পরিশ্রমেই এই কর্মসূচি সফল হচ্ছে।

 

উল্লেখ্য, গত সপ্তাহে নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেবাশ্রয় শিবিরের উদ্বোধন হয়। প্রথম দিনেই শিবিরে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তিনি জানান, ‘সেবাশ্রয়’-এর মূল লক্ষ্য নিঃস্বার্থ ও বিনামূল্যে মানবসেবা। স্বাস্থ্য পরিষেবা মানুষের মৌলিক অধিকার—এই ভাবনা থেকেই ডায়মন্ড হারবারে শুরু হওয়া এই উদ্যোগ ধীরে ধীরে অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

 

বুধবার নন্দীগ্রামে সার -এর হিয়ারিং চলাকালীন কয়েকজন প্রবীণ নাগরিক অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত নিকটবর্তী সেবাশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং প্রয়োজন বুঝে সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পর আরও একবার সেবাশ্রয় শিবিরের গুরুত্ব সামনে আসে।
বর্তমানে নন্দীগ্রামের দু’টি ব্লকে দু’টি মডেল সেবাশ্রয় শিবির চলছে। মানুষের ভরসা আর ভিড়ই বলছে, নন্দীগ্রামে এই স্বাস্থ্য উদ্যোগ ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে।

READ MORE.....