২০১০ সালে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে এক আলাপচারিতায় প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার “দীর্ঘদিনের ইচ্ছা”র ইঙ্গিত দিয়েছিলেন, জানিয়েছেন সনিয়া তাঁর স্মৃতিকথায়। তিনি লিখেছেন, প্রণব তাঁকে চমকে দিয়ে বলেছিলেন, হয়তো “শীর্ষে বদলের সময় এসেছে”। মঙ্গলবার বাজারে আসা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সনিয়া ইউপিএ জমানায় ‘ব্যাক সিট ড্রাইভার’ ছিলেন বলে যে সমালোচনা হয়, তা খারিজ করেছেন। তিনি লিখেছেন, মনমোহন সিংহই যে প্রধানমন্ত্রী, এ বিষয়ে তাঁর কোনও সংশয় ছিল না। দলের সভানেত্রী হিসেবে তিনি মতামত বা পরামর্শ দিতে পারতেন, ভিন্নমতও পোষণ করতে পারতেন, কিন্তু তাঁর কর্তব্য ছিল মনমোহনের কথাকে মান্যতা দেওয়া।
সনিয়ার কথায়, “তা ছাড়া, কোনও পরিস্থিতিতেই আমি এমন ভুল বোঝাবুঝির কারণ হতে চাইনি, যাতে আমাদের প্রতিপক্ষ উল্লসিত হওয়ার সুযোগ পায় এবং আমাদের সরকার দুর্বল হয়।” ৫২৬ পৃষ্ঠার বইটি শুরু হয়েছে ঋগ্বেদ থেকে একটি উদ্ধৃতি দিয়ে : “একসঙ্গে চলো, একসঙ্গে বলো, তোমাদের মন হোক এক সুরে বাঁধা। তোমাদের লক্ষ্য হোক সংহত, হৃদয় হোক সুসংগত, চিন্তা হোক একত্রিত, যাতে তোমরা ঐক্যে ও পূর্ণতায় বাস করতে পারো।” সনিয়ার বর্ণনায়, প্রধানমন্ত্রী ও তাঁর মধ্যে এক “অব্যক্ত দায়িত্ব-বিভাজন” ছিল, যা মসৃণ ভাবেই চলত : “ডঃ মনমোহন সিংহের অধীনে সরকার, আর আমার অধীনে দল।” দল ও সরকারের মধ্যে ক্ষমতার এই বিভাজনের কথা বলতে গিয়েই প্রণব এক বার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার ইঙ্গিত দিয়েছিলেন, সেই ঘটনাটি বলেছেন সনিয়া। তিনি লিখেছেন, “দুইয়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে একটি কোর গ্রুপ প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসত। অন্য সদস্যেরা ছিলেন ৭০-এর দশকে ইন্দিরা গাঁধীর মন্ত্রিসভার সদস্য প্রণব মুখোপাধ্যায়, রাজনীতিতে অন্তর্দৃষ্টিসম্পন্ন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিংহ, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এ কে অ্যান্টনি এবং আহমেদ পটেল।”
সনিয়া আরও লিখেছেন, “সংসদে কোন কোন বিষয় তোলা হবে তা নিয়ে আলোচনার জন্য গঠিত স্ট্র্যাটেজি গ্রুপের সদস্য হিসেবেও আমরা নিয়মিত বৈঠক করতাম। কখনও কখনও প্রণবজি, ওঁকে আমি সব সময় ওই ভাবেই ডাকতাম, আড্ডার জন্য থেকে যেতেন।” তাঁর স্মৃতিকথায় আছে, “অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে ওঁর গুরুতর মতবিরোধ তৈরি হয়েছিল। এক বার, ২০১০ সালে, আমার মনে হয় ক্ষোভ প্রকাশের পর, উনি আমাকে চমকে দিয়ে প্রস্তাব দেন যে হয়তো শীর্ষে বদলের সময় এসেছে। আমি সেটিকে ওঁর প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছার ইঙ্গিত হিসেবে বুঝেছিলাম।” সনিয়ার কথায়, “আমি আলতো ভাবে প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছিলাম, উনি হয়তো হতাশ হয়েছিলেন, কিন্তু কখনও আমাকে বুঝতে দেননি যে সেটা মনে রেখেছেন।” সনিয়া এ-ও মনে করিয়েছেন, ২০১২ সালে কংগ্রেস প্রণবকেই ইউপিএ-র রাষ্ট্রপতি প্রার্থী করেছিল, যা প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ, এবং তিনি নির্বাচিত হন। সনিয়া লিখেছেন, “আমি প্রায়ই ওঁর কাছে যেতাম, বেশির ভাগ সময় শুধু ওই বিদ্বান ও জ্ঞানী রাজনীতিকের সঙ্গে কথা বলতে, উনি যা চিরকাল ছিলেন।” ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত মনমোহন প্রধানমন্ত্রী ছিলেন। ইউপিএ জমানায় আসল ক্ষমতা সনিয়ার হাতে ছিল, এই অভিযোগ নিয়ে তিনি লিখেছেন, সংবাদমাধ্যমে একের পর এক গল্প ছাপা হত, কিছু ছড়াতেন প্রধানমন্ত্রীর আশপাশের লোকেরাই।
তাঁর বক্তব্য, “এক দশক পরে মনমোহনের এক প্রাক্তন সহযোগীর লেখা একটি বই প্রকাশিত হয়, যা আমার বিরোধীদের সব সময়ের ছড়ানো দূষিত ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগগুলিকেই ফের জোরালো করে: আমি নাকি প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে ফাইল আনিয়ে নিতাম, প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করতাম এবং গুরুত্বপূর্ণ নিয়োগ করতাম।” এর মাধ্যমে তিনি বিজেপির বহুবার বলা অভিযোগেরই জবাব দিয়েছেন। সনিয়া বলেছেন, “বছরের পর বছর আরও খারাপ অভিযোগের লক্ষ্য হয়েছি, কিন্তু সবচেয়ে কষ্ট দিয়েছিল এই মনগড়া কথাটা যে আমি সরকারের বাইরের কারও পক্ষে অনুচিত কাজ করে সরকারি ফাইল দেখতাম। নিয়ম মেনে চলার ব্যাপারে আমি সব সময়ই সতর্ক ছিলাম, ওই সময়ে আরও বেশি।” তিনি জানান, পিএমও স্পষ্ট ভাষায় বিবৃতি দিয়ে জানিয়েছিল যে সরকারি ফাইল কখনওই তাঁকে দেখানো হয়নি। সনিয়ার ভাষ্য, “ডঃ মনমোহন সিংহের কন্যা উপিন্দর সিংহ এক সাক্ষাৎকারে বইটিকে ‘পিঠে ছুরি মারা ছাড়া কিছু নয়… বিশ্বাসের বিপুল বিশ্বাসঘাতকতা’ এবং ‘দুষ্টুমিপূর্ণ, অনৈতিক প্রয়াস’ বলেছিলেন। তিনি জোর দিয়ে বলেন, আমার সঙ্গে তাঁর বাবার সম্পর্ক ছিল ‘পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার’। তবুও বিরোধীরা ও সংবাদমাধ্যম আমাকে সরকারের ‘ব্যাক-সিট ড্রাইভার’ বলে আখ্যান ছড়ানোর প্রতিটি সুযোগ খুঁজত।














