বারুইপুরে গিয়ে পুলিশ কর্তা এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সায়নী, ঋতব্রতেরা ছিলেন। এমনকি, ওই বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও ছিলেন বৈঠকে। বিজেপির তিন বিধায়ক—গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গঙ্গোপাধ্যায় এবং দেবাশিস ধর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের বক্তব্য জানান। মুখ্যমন্ত্রী তাঁদেরও তদন্তের অগ্রগতি এবং পুলিশের আগামী পদক্ষেপের বিষয়ে বিশদে ব্রিফ করেন। এসপি অফিসে বৈঠকের পর সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের সকলের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
আমাদের থেকে সবিস্তার ঘটনা সম্পর্কে জেনেছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যাতে কোনও অপরাধী ছাড় না পায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে’। মুখ্যমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আবার আসব, সরকার যা করছে, দেখতে পাবেন। ২ পরিবারের সঙ্গে কথা বলেছি, আউটপোস্ট চালু করব। আগের সরকার এমন করেছে বলে জানা নেই, কিন্তু এটা আমার কর্তব্য। বিমান বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা পরিবারের সঙ্গে দেখা করেছেন। আশা করি তাঁরাও পরিবারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট। রাজ্যের পুলিশ কর্তাদের বলেছি, এই ধরনের ঘটনা আটকাতে হবে। ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্ট, পকসো আইন–যা যা আছে।’














